মোঃ হুমায়ুন কবীর, ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে ৬০ হাজার টাকার জাল নোটসহ দুই নারী সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (৭ মে) দুপুরে নগরীর কোতোয়ালী মডেল থানার শম্ভুগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—পারুল বেগম (২৮) ও রুবি আক্তার (২৫)।
পুলিশ জানায়, আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে একটি সংঘবদ্ধ চক্র বাজারে জাল টাকা ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা করছে—এমন সংবাদের ভিত্তিতে ডিবি অভিযান চালায়। শম্ভুগঞ্জ এলাকা থেকে আটকের পর তাদের তল্লাশি করে ৬০ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত রুবি আক্তারের বিরুদ্ধে এর আগেও জাল টাকা সংক্রান্ত দুটি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
ময়মনসিংহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন জানান, আসামিরা দীর্ঘদিন ধরে জাল টাকা ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত। এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় মামলা দায়েরের পর তাদের আদালতে পাঠানো হয়েছে। চক্রের বাকি সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে ডিবির অভিযান অব্যাহত রয়েছে।
এ.আই.এল/সকালবেলা