মোঃ দুলাল সরকার, গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করেই বিএনপি সরকার দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
বৃহস্পতিবার (৭ মে) সকালে গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের জামালদী এলাকায় খালের পুনঃখনন কাজের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার নির্বাচনি ইশতেহার ও প্রতিশ্রুতি বাস্তবায়নে বদ্ধপরিকর। ইশতেহার অনুযায়ী দেশের বিভিন্ন প্রান্তে খাল খননসহ ব্যাপক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।’ অনুষ্ঠানে মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন জানান, এই প্রকল্পের মাধ্যমে এলাকার কৃষি ও পানি নিষ্কাশন ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আসবে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফজলুল করিম জানান, অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি)-র আওতায় প্রায় ৪৯ লক্ষ ৭৫ হাজার টাকা ব্যয়ে ২.১০ কিলোমিটার দীর্ঘ হোসেন্দী খালটি পুনঃখনন করা হচ্ছে। এটি সম্পন্ন হলে জলাবদ্ধতা নিরসন হবে এবং সেচ সুবিধা বৃদ্ধির ফলে কৃষি ও মৎস্য উৎপাদনে ইতিবাচক প্রভাব পড়বে। অনুষ্ঠানে জেলা ও উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ.আই.এল/সকালবেলা