ঝিনাইদহ সদর হাসপাতালে স্টাফ-দালাল সিন্ডিকেট

আমিরুল ইসলাম
প্রকাশ: বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৯:০৩ অপরাহ্ণ
ঝিনাইদহ সদর হাসপাতালে স্টাফ-দালাল সিন্ডিকেট

মোঃ বাপ্পি শেখ, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে খোদ স্টাফদের মাধ্যমেই গড়ে উঠেছে শক্তিশালী এক দালাল সিন্ডিকেট। 

বৃহস্পতিবার (৭ মে) এক দালালকে হাতেনাতে ধরার পর এই চক্রের চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এসেছে।

অভিযোগ উঠেছে, ডাক্তারের রুমের সামনে দায়িত্বরত হাসপাতালের স্টাফ মো. নাসির হোসেন সরাসরি এই সিন্ডিকেটের সাথে জড়িত। তিনি চিকিৎসা নিতে আসা সাধারণ রোগীদের ভুল বুঝিয়ে ঝিনাইদহ রয়েল ডায়াগনস্টিক সেন্টারের দালালের হাতে তুলে দেন। দালালরা রোগীদের ফুসলিয়ে সরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ব্যয়বহুল দাবি করে কম খরচের প্রলোভন দেখিয়ে বেসরকারি ক্লিনিকে নিয়ে যায়। এতে সরকারি সেবা থেকে বঞ্চিত হয়ে রোগীরা মোটা অঙ্কের আর্থিক ক্ষতির শিকার হচ্ছেন।

ভুক্তভোগী এক রোগী জানান, স্টাফ নাসির হোসেনই তাকে দালালের সাথে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন। এ বিষয়ে অভিযুক্ত নাসির হোসেন সাংবাদিকদের এড়িয়ে যান। পুরো বিষয়টি তথ্য-প্রমাণসহ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. মোস্তাফিজুর রহমানকে জানানো হলেও তিনি কোনো দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করেননি। হাসপাতাল কর্তৃপক্ষের এমন রহস্যজনক নীরবতায় সাধারণ রোগী ও সচেতন মহলের মাঝে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন