এস এম সাহান, ফরিদপুর জেলা প্রতিনিধি: ফরিদপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ মে) সকালে শহরের গোয়ালচামট এলাকায় ফিতা কেটে ও পায়রা উড়িয়ে কেন্দ্রটির উদ্বোধন করা হয়। এর ফলে ফরিদপুরসহ আশপাশের পাঁচ জেলার কলেজ ও শিক্ষার্থীদের প্রশাসনিক কাজের জন্য আর গাজীপুরে যেতে হবে না।
উদ্বোধন শেষে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এএসএম আমানুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ, শহিদুল ইসলাম বাবলু এবং জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ইসাসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, এই আঞ্চলিক কেন্দ্র স্থাপনের ফলে শিক্ষার্থীদের সময় ও অর্থ উভয়ই সাশ্রয় হবে। ১৯৯২ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উদ্যোগে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলেও দীর্ঘ সময় পর এই অঞ্চলের মানুষের দাবি পূরণ হলো। নতুন এই কেন্দ্রের মাধ্যমে শিক্ষা, সাহিত্যচর্চা ও কারিগরি কার্যক্রমে নতুন গতি আসবে এবং প্রশাসনিক জটিলতা দ্রুত নিরসন হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
এ.আই.এল/সকালবেলা