নিজস্ব প্রতিবেদক: দেশের উত্তরাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ জনপদ বগুড়াকে সিটি কর্পোরেশনে উন্নীত করার ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে প্রশাসনিক পুনর্বিন্যাস ও সেবার মান বৃদ্ধির লক্ষ্যে দেশের চার জেলায় নতুন ৫টি উপজেলা গঠনের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৭ মে ২০২৬) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশাসনিক পুনর্বিন্যাসসংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১২০তম বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বগুড়াবাসীর দীর্ঘদিনের দাবি ছিল পৌরসভাকে সিটি কর্পোরেশনে রূপান্তর করা। নিকার সভায় প্রস্তাবটি পর্যালোচনার পর তা চূড়ান্ত অনুমোদন পায়। এর ফলে এটি দেশের অন্যতম বৃহৎ ও আধুনিক সিটি কর্পোরেশন হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে।
প্রশাসনিক কাজের গতিশীলতা ও স্থানীয় বাসিন্দাদের সুযোগ-সুবিধা বাড়াতে বর্তমান উপজেলাগুলোকে ভেঙে নতুন উপজেলাগুলো গঠনের সিদ্ধান্ত হয়েছে। তালিকাটি নিম্নরূপ:
বগুড়া: শিবগঞ্জ উপজেলাকে ভাগ করে নতুন ‘মোকামতলা’ উপজেলা।
কক্সবাজার: চকরিয়া উপজেলাকে ভাগ করে নতুন ‘মাতামুহুরী’ উপজেলা।
ঠাকুরগাঁও: সদর উপজেলাকে ভাগ করে ‘রুহিয়া’ ও ‘ভুল্লী’ নামে দুটি নতুন উপজেলা।
লক্ষ্মীপুর: সদর উপজেলাকে ভাগ করে নতুন ‘চন্দ্রগঞ্জ’ উপজেলা।
নিকার বৈঠকে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের এই প্রস্তাবগুলো উত্থাপন করা হলে কমিটির সদস্যরা সেগুলোর ভৌগোলিক ও জনসংখ্যা তাত্ত্বিক দিক বিবেচনা করে অনুমোদন দেন। এর ফলে সংশ্লিষ্ট এলাকাগুলোতে নতুন প্রশাসনিক অবকাঠামো নির্মাণ ও সরকারি কর্মকর্তাদের পদায়ন প্রক্রিয়া শিগগিরই শুরু হবে বলে আশা করা হচ্ছে।
বগুড়াকে সিটি কর্পোরেশনে উন্নীত করার সিদ্ধান্তের ফলে এই অঞ্চলের ব্যবসা-বাণিজ্য ও নাগরিক সুবিধা নতুন উচ্চতায় পৌঁছাবে বলে মনে করছেন বিশিষ্টজনেরা।