আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ লেবাননে এক ড্রোন হামলায় দখলদার ইসরায়েলি বাহিনীর অন্তত ৪ সদস্য আহত হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী এই হামলার সত্যতা নিশ্চিত করেছে। বিদেশি সংবাদমাধ্যম জানিয়েছে, আহতদের মধ্যে একজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।
লেবানিজ সংবাদ সংস্থার বরাতে জানা গেছে, গতকাল দিবাগত রাতে ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননের সিদা জেলার আরজি ও সাসকিয়া শহরে ব্যাপক বিমান হামলা চালিয়েছে। এই নৃশংস বোমা হামলায় ৫ জন শহীদ এবং অন্তত ১৫ জন আহত হয়েছেন। ইসরায়েলি বাহিনীর দাবি, এই হামলায় হিজবুল্লাহর বিশেষ 'রেদওয়ান ফোর্স'-এর এক কমান্ডারকে লক্ষ্যবস্তু করা হয়েছে।
লেবাননের পার্লামেন্ট স্পিকার নাবিহ বেরি অভিযোগ করেছেন যে, হিজবুল্লাহ যুদ্ধবিরতির শর্তাবলী মেনে চললেও ইসরায়েল ক্রমাগত হামলা চালিয়ে এই চুক্তি লঙ্ঘন করছে। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আশ্বাস দিয়েছেন যে, যুক্তরাষ্ট্রের সাথে সম্ভাব্য যেকোনো চুক্তিতে লেবানন সংকট সমাধানের বিষয়টি অন্তর্ভুক্ত করা হবে।
অন্যদিকে, লেবাননে ইসরায়েলি সেনাদের দ্বারা যিশু খ্রিস্টের (ঈসা আ.) মূর্তি ভাঙচুর ও অবমাননার আরেকটি ঘটনা প্রকাশ্যে এসেছে। এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে।
সূত্র: ডেইলি জং।