ধর্মীয় মূল্যবোধ ও নারী সম্মান নিয়ে বার্তা দিলেন এমপি ডা. মিতু

রাকিবুল হাসান
প্রকাশ: বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৯:১৮ অপরাহ্ণ
ধর্মীয় মূল্যবোধ ও নারী সম্মান নিয়ে বার্তা দিলেন এমপি ডা. মিতু

নিজস্ব প্রতিবেদক: বর্তমান সময়ের ডিজিটাল প্লাটফর্মে বেড়েই চলা ব্যক্তিগত আক্রমণ এবং নারীদের প্রতি কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে সরব হয়েছেন ত্রয়োদশ সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অন্যতম শীর্ষ নেত্রী ডা. মাহমুদা আলম মিতু।

বৃহস্পতিবার (৭ মে ২০২৬) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি ধর্মীয় মূল্যবোধ এবং সামাজিক শালীনতা নিয়ে তাঁর অবস্থান পরিষ্কার করেন।

ডা. মাহমুদা আলম মিতু তাঁর পোস্টে উল্লেখ করেন, “ভিন্নমত, ভিন্নচিন্তা কিংবা ভিন্ন পোশাকের একজন নারীকে নিয়ে নোংরা মন্তব্য করা, গালাগালি করা বা অপমান করা কোনোভাবেই ইসলামের শিক্ষা হতে পারে না।” তিনি মনে করিয়ে দেন যে, ইসলাম ধর্ম মানুষকে অন্যের প্রতি সম্মান প্রদর্শন, শালীনতা বজায় রাখা এবং উত্তম আচরণের দীক্ষা দেয়।

এমপি মিতু লেখেন, গণতান্ত্রিক সমাজে বা সাধারণ জীবনে একে অপরের সঙ্গে মতের অমিল থাকতে পারে এবং গঠনমূলক সমালোচনাও হতে পারে। তবে কাউকে ব্যক্তিগতভাবে হেয় করা বা অশ্রাব্য ভাষা ব্যবহার করা ধর্মীয় ও নৈতিক কোনো মানদণ্ডেই গ্রহণযোগ্য নয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ক্রমবর্ধমান বিদ্বেষমূলক আচরণের কঠোর সমালোচনা করে তিনি প্রশ্ন তোলেন, “একজনকে মন চাইল আর নোংরা কথা বলে দিলাম—বিষয়টাকে আমরা এত সহজ করে ফেললাম কীভাবে?”

ডা. মিতুর এই পোস্টটি অল্প সময়ের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। নেটিজেনদের বড় একটি অংশ তাঁর এই সাহসী ও সময়োপযোগী বক্তব্যকে সাধুবাদ জানিয়েছেন। অনেকে মন্তব্য করেছেন যে, রাজনৈতিক নেতৃবৃন্দের কাছ থেকে এমন আদর্শিক বার্তা সামাজিক অস্থিরতা ও অনলাইন বুলিং কমাতে সহায়ক ভূমিকা পালন করবে।

মন্তব্য করুন