সিডনিতে মদ্যপ অবস্থায় গাড়ি চালানো: আদালতে অনুপস্থিত থাকলেও দোষ স্বীকার করছেন ওয়ার্নার

রাকিবুল হাসান
প্রকাশ: বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ণ
সিডনিতে মদ্যপ অবস্থায় গাড়ি চালানো: আদালতে অনুপস্থিত থাকলেও দোষ স্বীকার করছেন ওয়ার্নার

স্পোর্টস ডেস্ক: সিডনির রাস্তায় মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে অভিযুক্ত অস্ট্রেলিয়ার সাবেক কিংবদন্তি ওপেনার ডেভিড ওয়ার্নার আইনি লড়াইয়ে নিজের দোষ স্বীকার করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বৃহস্পতিবার (৭ মে ২০২৬) সিডনির একটি আদালতে তাঁর মামলার শুনানি থাকলেও তিনি সেখানে উপস্থিত ছিলেন না।

গত ৫ এপ্রিল (রবিবার) বিকেলে সিডনির মারুব্রা অঞ্চলে পুলিশি তল্লাশির সময় ওয়ার্নার ধরা পড়েন। পুলিশ লক্ষ্য করে, একটি ভ্যান তল্লাশি চৌকির কিছু দূরে থেমে গেছে। ট্রাফিক ও হাইওয়ে টহল পুলিশ এগিয়ে গিয়ে ওয়ার্নারকে চালকের আসনে দেখতে পান। প্রাথমিক পরীক্ষায় অ্যালকোহলের উপস্থিতি পাওয়ার পর তাঁকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।

মারুব্রা থানায় দ্বিতীয়বার পরীক্ষায় ওয়ার্নারের শরীরে ০.১০৪ মাত্রার অ্যালকোহল পাওয়া যায়। আইন অনুযায়ী ০.০৮ মাত্রার বেশি অ্যালকোহল শরীরে থাকা দণ্ডনীয় অপরাধ। এর ফলে তাঁর বিরুদ্ধে আনুষ্ঠানিক চার্জশিট দাখিল করে ৭ মে আদালতে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল।

ওয়ার্নার সশরীরে আদালতে হাজির না হওয়ায় শুনানি আগামী জুন পর্যন্ত স্থগিত করা হয়েছে। তবে আদালতের বাইরে ওয়ার্নারের আইনজীবী ববি হিল সাংবাদিকদের জানান, ওয়ার্নার তাঁর ভুল স্বীকার করবেন। ববি বলেন, "ডেভিড মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর দায় স্বীকার করবে। সে জানে সে যা করেছে তা ভুল ছিল। সে স্বীকার করেছে যে সেদিন উবার না নিয়ে নিজের গাড়িতে ওঠা একটি বেপরোয়া ও বোকামি সিদ্ধান্ত ছিল।"

উল্লেখ্য, এই ঘটনার পরপরই ওয়ার্নার পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে চলে গিয়েছিলেন। পিএসএল শেষ করে দেশে ফিরলেও আজ তিনি আদালতে হাজির হননি। জুনে পরবর্তী শুনানিতে তাঁর শাস্তির বিষয়ে সিদ্ধান্ত হতে পারে।

মন্তব্য করুন