বগুড়ায় আন্তর্জাতিক বিমানবন্দর ও বিমানঘাঁটির কার্যক্রম শুরু

আমিরুল ইসলাম
প্রকাশ: বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৮:০১ অপরাহ্ণ
বগুড়ায় আন্তর্জাতিক বিমানবন্দর ও বিমানঘাঁটির কার্যক্রম শুরু

ওয়াফিক শিপলু, বগুড়া: উত্তরাঞ্চলের যোগাযোগ ও অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তন আনতে বগুড়ায় আন্তর্জাতিক বিমানবন্দর, আধুনিক বিমানঘাঁটি এবং পাইলট ট্রেনিং সেন্টার স্থাপনের কাজ শুরু হয়েছে। 

বৃহস্পতিবার (৭ মে) সকালে সরকারের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল হেলিকপ্টারযোগে বগুড়া বিমানবন্দর পরিদর্শন করেন।

প্রতিনিধি দলে নেতৃত্ব দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা, প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত, এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। পরিদর্শন শেষে জানানো হয়, ১০ হাজার ৫০০ ফুট দীর্ঘ রানওয়ে নির্মাণের মাধ্যমে দেশি-বিদেশি বড় উড়োজাহাজ ওঠা-নামার সুবিধা নিশ্চিত করা হবে।

বিমান বাহিনী প্রধান বলেন, "উত্তরাঞ্চলে একটি অত্যাধুনিক বিমানঘাঁটি নির্মাণ করা হবে—এটি আমার প্রতিজ্ঞা।" অন্যদিকে মন্ত্রী আফরোজা খানম রিতা জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় বগুড়াকে দেশের অন্যতম এভিয়েশন হাবে রূপান্তর করা হবে। এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, ২০ এপ্রিল আলতাফুন্নেছা খেলার মাঠে দেওয়া প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী এখানে কার্গো ফ্যাসিলিটি ও আন্তর্জাতিক শিক্ষা প্রতিষ্ঠানও গড়ে তোলা হবে। এর ফলে উত্তরাঞ্চলের কৃষিপণ্য রপ্তানি এবং কর্মসংস্থানে নতুন দিগন্ত উন্মোচিত হবে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন