কক্সবাজার প্রতিনিধি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, রোহিঙ্গা সংকট শুধু বাংলাদেশের বোঝা নয়, এটি একটি বৈশ্বিক সমস্যা।
বুধবার (৬ মে) সন্ধ্যায় কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন (আরআরআরসি) কার্যালয়ে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, বিএনপি সরকার রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে নিতে কাজ শুরু করেছে। মিয়ানমার সরকার, আরাকান আর্মিসহ সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সাথে যোগাযোগ অব্যাহত রয়েছে। জিয়াউর রহমান ও খালেদা জিয়ার আমলের সফল প্রত্যাবাসনের উদাহরণ টেনে তিনি বলেন, সরকার এশিয়া ও পশ্চিমা দেশগুলোর সাথে সমন্বিত উদ্যোগে এই সংকটের সমাধান করতে চায়।
এর আগে সকালে প্রতিমন্ত্রীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প, খাদ্য বিতরণ কেন্দ্র ও হাসপাতাল পরিদর্শন করেন। প্রতিমন্ত্রী জানান, আন্তর্জাতিক তহবিল কমে যাওয়ায় ক্যাম্পে শিক্ষা, খাদ্য ও বাসস্থানের সংকট দেখা দিচ্ছে, যা নিয়ে সরকার উদ্বিগ্ন। এই পরিস্থিতি মোকাবিলায় আন্তর্জাতিক সংস্থাগুলোর সাথে সমন্বয় করে কাজ চলছে। সভায় আরআরআরসি কমিশনার মিজানুর রহমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ.আই.এল/সকালবেলা