কুষ্টিয়া সরকারি কলেজে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করতে গিয়ে শিক্ষার্থীদের প্রবল বিক্ষোভ ও ‘ভুয়া ভুয়া’ স্লোগানের মুখে পড়েছেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা। বৃহস্পতিবার সকালে কলেজ ক্যাম্পাসে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।
সকাল সাড়ে ১০টার দিকে আন্তবিভাগ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন আমির হামজা। তিনি বক্তব্য দিতে মঞ্চে উঠলে ‘সাধারণ শিক্ষার্থী’র ব্যানারে একদল শিক্ষার্থী ‘ভুয়া ভুয়া’ স্লোগান শুরু করেন। পরে তিনি মাঠে গেলে সেখানেও তাকে ঘিরে বিক্ষোভ করা হয়পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে কলেজের অধ্যক্ষ আমির হামজাকে তার কার্যালয়ে নিয়ে যান। শিক্ষার্থীরা সেখানেও অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং পরে এমপির ক্যাম্পাস ত্যাগে সহায়তা করে।শিক্ষার্থীদের অভিযোগ, ক্রীড়া প্রতিযোগিতার মাঠ পরিষ্কারের নামে ক্যাম্পাসের সৌন্দর্যবর্ধনে লাগানো বিভিন্ন প্রজাতির ফলদ ও ঔষধি গাছ কেটে ফেলা হয়েছে। এই গাছ কাটার প্রতিবাদেই তারা বিক্ষোভ করেন।আমির হামজার ফেসবুক পেজ থেকে দাবি করা হয়েছে, ছাত্রদলের নেতাকর্মীরা তাকে অবরুদ্ধ করে রেখেছিল। তবে জেলা ছাত্রদলের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করে জানানো হয়েছে, গাছ কাটার প্রতিবাদে সাধারণ শিক্ষার্থীরাই বিক্ষোভ করেছেন।কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোল্লা মো. রুহুল আমিন জানান, তাকে অবরুদ্ধ করার খবর সঠিক নয়। তবে গাছ কাটার বিষয়টি তদন্ত করতে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
কুষ্টিয়া মডেল থানার ওসি কবির হোসেন মাতুব্বর জানান, কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই এমপি আমির হামজা পরে কলেজ ক্যাম্পাস ত্যাগ করেন।
জান্নাত/সকালবেলা