হরমুজ প্রণালিতে আটকে পড়া জাহাজকে সাহায্যের প্রস্তাব ইরানের

রাকিবুল হাসান
প্রকাশ: বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ণ
হরমুজ প্রণালিতে আটকে পড়া জাহাজকে সাহায্যের প্রস্তাব ইরানের

আন্তর্জাতিক ডেস্ক: হরমুজ প্রণালিতে উদ্ভূত পরিস্থিতিতে আটকা পড়া বাণিজ্যিক জাহাজগুলোকে কারিগরি সহায়তা, রসদ সরবরাহ ও চিকিৎসাসেবাসহ সব ধরনের সামুদ্রিক সেবা দিতে নিজেদের বন্দরগুলো প্রস্তুত রেখেছে ইরান। বৃহস্পতিবার (৭ মে ২০২৬) দেশটির সরকারি সংবাদ সংস্থা ইরনা এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।

ইরানের বন্দর ও সামুদ্রিক সংস্থা (পিএমও) পারস্য উপসাগরীয় অঞ্চলে অবস্থানরত বাণিজ্যিক জাহাজের ক্যাপ্টেনদের উদ্দেশে একটি জরুরি বার্তা পাঠিয়েছে। বার্তায় বলা হয়েছে, ইরানের পানিসীমা ও বন্দরগুলোতে অবস্থানরত সব জাহাজ তাদের প্রয়োজন অনুযায়ী জ্বালানি, খাবার, রক্ষণাবেক্ষণ সরঞ্জাম এবং জরুরি স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারবে।

বিবৃতিতে জানানো হয়েছে, নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং জাহাজ চলাচলের উপযোগিতা বজায় রাখতেই তেহরান এই বিশেষ উদ্যোগ নিয়েছে। আগামী তিন দিন সামুদ্রিক যোগাযোগ নেটওয়ার্ক ও ভেরি হাই ফ্রিকোয়েন্সি (ভিএইচএফ) সিস্টেমের মাধ্যমে এই বার্তা নিয়মিত প্রচার করা হবে।

২০২৬ সালের ফেব্রুয়ারি মাস থেকে ইরান, ইসরাইল ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান তীব্র উত্তোজনার প্রভাবে রণক্ষেত্রে পরিণত হয়েছে হরমুজ প্রণালি। এই উত্তেজনার জেরে বর্তমানে এই অঞ্চলে প্রায় ২ হাজার বাণিজ্যিক জাহাজ এবং কয়েক হাজার নাবিক আটকা পড়ে আছেন।

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাহাজগুলোকে বের করে নেওয়ার জন্য পরিকল্পিত সামরিক অভিযান ‘প্রজেক্ট ফ্রিডম’ সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা দেন। মার্কিন অভিযানের এই স্থবিরতার মধ্যেই ইরান জাহাজগুলোর প্রতি এই সহযোগিতার প্রস্তাব নিয়ে এগিয়ে এলো।

আঞ্চলিক বিশ্লেষকদের মতে, ইরান এই প্রস্তাবের মাধ্যমে আন্তর্জাতিক মহলে নিজেদের মানবিক অবস্থান তুলে ধরার পাশাপাশি পারস্য উপসাগরে নিজেদের নিয়ন্ত্রণ ও প্রভাব বজায় রাখার কৌশল গ্রহণ করেছে।

মন্তব্য করুন