মো নুরনবী সানি, নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর পলাশে ৯ বছর বয়সি এক শিশুর পায়ুপথে উচ্চগতিতে বাতাস ঢুকিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
বুধবার (৬ মে) সকালে উপজেলার গজারিয়া বাজারের একটি অটোরিকশা গ্যারেজে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত রামিম উপজেলার গজারিয়া চরকারারদী গ্রামের ব্যবসায়ী রিপন মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে রামিম গজারিয়া বাজারে তার দাদার দোকানে আসে। একপর্যায়ে সে পাশের একটি অটোরিকশা গ্যারেজে গেলে একই গ্রামের রিকশাচালক সবুজ মিয়া চাকার হাওয়া দেওয়ার মেশিনের মাধ্যমে দুষ্টুমির ছলে রামিমের পায়ুপথে বাতাস ঢুকিয়ে দেয়। এতে শিশুটির পেট অস্বাভাবিকভাবে ফুলে যায় এবং সে যন্ত্রণায় লুটিয়ে পড়ে। গুরুতর অবস্থায় তাকে প্রথমে নরসিংদী জেলা হাসপাতালে এবং পরে ঢাকায় পাঠানো হয়। বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পলাশ থানার ওসি শাহেদ আল মামুন জানান, সন্ধ্যার পর শিশুটির লাশ বাড়িতে নিয়ে আসলে পুলিশ ঘটনাস্থলে যায়। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে। অভিযুক্ত সবুজ মিয়াকে গ্রেফতারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়ার পর এই বিষয়ে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ.আই.এল/সকালবেলা