তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ, রাজনগর ও কুলাউড়া উপজেলায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে শতাধিক ঘর বিধ্বস্ত হয়েছে।
বুধবার (৬ মে) রাতের এই ঝড়ে গাছ উপড়ে ও বিদ্যুতের লাইন ছিঁড়ে কয়েকটি এলাকা সম্পূর্ণ বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে।
জানা যায়, ঝড়ে কমলগঞ্জের পতনউষার ও মুন্সীবাজার, রাজনগরের কামারচাক এবং কুলাউড়ার হাজীপুর ইউনিয়নের ঘরবাড়ি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিদ্যুতের লাইনের ওপর গাছ পড়ে ব্যাপক ক্ষতি হওয়ায় রাত থেকে ৪টি ইউনিয়নের হাজারো গ্রাহক অন্ধকারে রয়েছেন। স্থানীয় বাসিন্দা রুহেল মিয়া ও সুমন মিয়া জানান, ঝড়ে অনেকের ঘরের চালা উড়ে গেছে এবং গাছ উপড়ে পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান বলেন, ঝড়ে পতনউষারসহ কয়েকটি এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা স্থানীয় জনপ্রতিনিধিদের ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করতে বলেছি। তালিকা সম্পন্ন হলে সরকারিভাবে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।
এ.আই.এল/সকালবেলা