বিয়ের আগ পর্যন্ত নতুন বউয়ের মুখ দেখেননি মাদানী

জান্নাতুল ফেরদৌস
প্রকাশ: বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ণ
বিয়ের আগ পর্যন্ত নতুন বউয়ের মুখ দেখেননি মাদানী

দ্বিতীয় বিয়ে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওঠা বিভিন্ন প্রশ্নের জবাব দিয়েছেন আলোচিত ইসলামী বক্তা রফিকুল ইসলাম মাদানী। সম্প্রতি তার বিয়ের খবর জানাজানি হওয়ার পর নেটিজেনদের মধ্যে নানা কৌতূহল ও বিভ্রান্তির সৃষ্টি হয়। এসব বিষয়ে নিজের ফেসবুক পোস্টে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন তিনি।প্রথম স্ত্রীর অজান্তে এই নারীর সঙ্গে আগে থেকে প্রেমের সম্পর্ক ছিল—এমন অভিযোগ অস্বীকার করে মাদানী বলেন, ‘আল্লাহকে হাজির-নাজির রেখে বলছি, এই মেয়েকে বিয়ের দিন দেখার আগ পর্যন্ত আমি জীবনে কোনো দিন দেখিনি। এমনকি তার সঙ্গে একবারের জন্য কথাও হয়নি।’ টিকটকে পরিচয়ের বিষয়টিও তিনি ভিত্তিহীন দাবি করেন। মাদানী জানান, তিনি ‘আইএমভি’ (ইন্টারন্যাশনাল মুসলিম ভলান্টিয়ার্স) নামক একটি প্রতিষ্ঠানের মাধ্যমে বিয়ের প্রস্তাব পান। সেখানে একাধিক বিয়েতে আগ্রহী নারী-পুরুষরা ফরম পূরণ করেন এবং দুই পক্ষের কুফু (সামাজিক ও ধর্মীয় মিল) মিললে বিয়ের ব্যবস্থা করা হয়।প্রথম স্ত্রী অন্তঃসত্ত্বা থাকা অবস্থায় কেন দ্বিতীয় বিয়ে করলেন—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তার ফরম কয়েক মাস আগেই পূরণ করা হয়েছিল। উপযুক্ত পাত্রী পাওয়ার সময়টা স্ত্রীর প্রেগন্যান্সির সময়ের সঙ্গে কাকতালীয়ভাবে মিলে গেছে। এ নিয়ে তিনি নিজেও দ্বিধায় ছিলেন বলে জানান। তিনি দাবি করেন, আড়াই বছরের সংসারে তার প্রথম স্ত্রী কখনো তার বিরুদ্ধে কোনো অভিযোগ করেননি। এই বৈধ সিদ্ধান্তের কারণে প্রথম স্ত্রীর কাছে তিনি মানসিকভাবে দায়বদ্ধ অনুভব করছেন এবং ইনসাফের মাধ্যমে তা পূরণের অঙ্গীকার করেন।মাদানী আক্ষেপ করে বলেন, যারা আলেমবিদ্বেষী তারা সমাজের বড় নেতাদের রক্ষিতা রাখা বা শিশুদের ওপর নির্যাতনের মতো অপরাধ নিয়ে যতটা সরব নয়, তার চেয়ে বেশি তার এই ‘হালাল’ বিয়ে নিয়ে কথা বলছে। তিনি আরও স্পষ্ট করেন যে, আইএমভি কাউকে জোর করে বিয়ে দেয় না, শুধু আগ্রহী দুই পক্ষের মধ্যে সমন্বয় করে।

জান্নাত/সকালবেলা

মন্তব্য করুন