পুঠিয়ায় ব্যবসায়ী নিহত, ট্রাকে আগুন

আমিরুল ইসলাম
প্রকাশ: মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৮:০২ অপরাহ্ণ
পুঠিয়ায় ব্যবসায়ী নিহত, ট্রাকে আগুন

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়ায় সড়ক দুর্ঘটনায় আকরাম (৬০) নামের এক ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করে দুটি ডাম্প ট্রাকে আগুন দিয়েছে। 

মঙ্গলবার সকাল সাতটার দিকে ঢাকা-রাজশাহী মহাসড়কের বিড়ালদহ মাজারের সামনে এই ঘটনা ঘটে।

নিহত আকরামের বাড়ি রাজশাহীর সরদহ থানাপাড়া এলাকায়। তিনি পেশায় একজন দর্জি ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে রাস্তা পার হওয়ার সময় নাটোরগামী বালুবাহী দুটি ডাম্প ট্রাকের মধ্যে একটি তাঁকে চাপা দিয়ে বেশ কিছু দূর হিঁচড়ে নিয়ে যায়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় এবং রাস্তায় তাঁর লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা বিক্ষোভে ফেটে পড়ে।

দুর্ঘটনার পরপরই স্থানীয় জনতা মহাসড়ক অবরোধ করে দুটি ডাম্প ট্রাকে আগুন ধরিয়ে দেয়। এ সময় ভিডিও ধারণকারীদের মোবাইল ফোন কেড়ে নিয়ে ভাঙচুর ও আগুনে পুড়িয়ে ফেলা হয়। এর ফলে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ফায়ার সার্ভিস জানায়, উত্তেজনার কারণে শুরুতে তাঁরা ঘটনাস্থলে যেতে না পারলেও পরে পুলিশি পাহারায় আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।

পুঠিয়া থানার ওসি ফরিদুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছে উত্তেজিত জনতাকে শান্ত করার চেষ্টা করেন। স্থানীয়রা দিনের বেলায় ডাম্প ট্রাক চলাচল বন্ধ এবং স্পিডব্রেকার স্থাপনের দাবি জানিয়েছেন। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং লাশ উদ্ধার করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নেওয়া হয়।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন