নিজস্ব প্রতিবেদক: ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে দেলবার হোসেন (৭০) নামের এক অসুস্থ কারাবন্দি হাজতির মৃত্যু হয়েছে।
সোমবার (৪ মে ২০২৬) রাত ৯টার দিকে ঢাকার কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে অসুস্থ অবস্থায় কারারক্ষীরা তাঁকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। পরে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দেলবার হোসেনের মরদেহটি ময়নাতদন্তের জন্য বর্তমানে ঢামেক মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
মৃত দেলবার হোসেনের বাড়ি সিরাজগঞ্জের শাহজাদপুর থানার মহারাজপুর গ্রামে। তাঁর বাবার নাম নবীন সরকার। তবে তিনি ঠিক কী মামলায় কারাগারে বন্দি ছিলেন, তাৎক্ষণিকভাবে তা জানাতে পারেননি হাসপাতালে নিয়ে আসা কারারক্ষীরা। কারা কর্তৃপক্ষ জানিয়েছে, পরবর্তীতে এ বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়া হবে।