আন্তর্জাতিক ডেস্ক: পারস্য উপসাগরীয় অঞ্চলের দেশগুলোকে বহিরাগত শক্তির ওপর নিরাপত্তা নির্ভরতা কমানোর আহ্বান জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, আঞ্চলিক দেশগুলোর উচিত বাইরের শক্তি থেকে ‘নিরাপত্তা ধার করা’ বন্ধ করা।
মঙ্গলবার (৫ মে ২০২৬) ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম প্রেস টিভিকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। ইসমাইল বাঘাই স্পষ্ট করে বলেন, উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি কোনো নিরাপত্তা আনছে না, বরং এটি এই অঞ্চলে চরম অস্থিতিশীলতা তৈরি করছে।
ইরানি মুখপাত্রের দাবি, যুক্তরাষ্ট্র তার সামরিক সম্পদ ও লজিস্টিক সুবিধা ব্যবহার করে এই অঞ্চলে ইরানের বিরুদ্ধে সরাসরি আগ্রাসনমূলক কর্মকাণ্ড চালাচ্ছে। তিনি বলেন, “আমাদের কোনো দেশের প্রতি ব্যক্তিগত শত্রুতা নেই। তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান আগ্রাসনের বিরুদ্ধে নিজেদের আত্মরক্ষার স্বার্থেই আমাদের সাম্প্রতিক কিছু কঠোর পদক্ষেপ নিতে হয়েছে।”
হরমুজ প্রণালী ও পারস্য উপসাগরকে কেন্দ্র করে সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতি এখন চরম উত্তপ্ত। এই বক্তব্যের মধ্যেই সংযুক্ত আরব আমিরাত অভিযোগ করেছে যে, ইরান থেকে তাদের ভূখণ্ড লক্ষ্য করে অন্তত ১৫টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং একাধিক ড্রোন নিক্ষেপ করা হয়েছে। এই হামলায় ফুজাইরাহ অঞ্চলের একটি বড় তেল শোধনাগারে আগুন ধরে যায় এবং বেশ কয়েকজন আহত হন। তবে ইরান এই সমস্ত অভিযোগকে ওয়াশিংটনের সাজানো নাটক বলে অস্বীকার করেছে।