কলাপাড়ায় ১৪০০ কেজি মাছ জব্দ

আমিরুল ইসলাম
প্রকাশ: মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ণ
কলাপাড়ায় ১৪০০ কেজি মাছ জব্দ

আব্দুল কাইয়ুম আরজু, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর মহিপুরে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে পরিবহনকালে ১ হাজার ৪০০ কেজি সামুদ্রিক মাছ জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। 

মঙ্গলবার (৫ মে) গভীর রাতে মহিপুর থানাধীন হাজিপুর টোল প্লাজা সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মাছ জব্দ করা হয়।

কোস্ট গার্ড দক্ষিণ জোন সূত্রে জানা গেছে, সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণে ঘোষিত ৫৮ দিনের নিষেধাজ্ঞা বাস্তবায়নে রাত ২টার দিকে বিসিজি স্টেশন নিজামপুর বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন হাজিপুর টোল প্লাজা এলাকায় সন্দেহভাজন দুটি যাত্রীবাহী বাস থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় বাস দুটি থেকে আনুমানিক ৫ লক্ষ ৬০ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ উদ্ধার করা হয়।

মঙ্গলবার সকালে কলাপাড়া উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত মাছগুলো স্থানীয় বিভিন্ন এতিমখানা, মাদ্রাসা ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে। কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেঃ মোঃ আবুল কাশেম জানান, জাতীয় মৎস্য সম্পদ রক্ষায় এবং সরকারি নির্দেশনা বাস্তবায়নে কোস্ট গার্ডের এ ধরনের তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

উল্লেখ্য, সামুদ্রিক মাছের বংশবিস্তার ও সংরক্ষণের লক্ষ্যে গত ১৫ এপ্রিল থেকে আগামী ১১ জুন পর্যন্ত মোট ৫৮ দিন বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় সকল প্রকার মৎস্য আহরণ নিষিদ্ধ করেছে সরকার।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন