তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে ১৩ জন আসামির বিরুদ্ধে ডাকাতির অভিযোগ প্রমাণিত হওয়ায় যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (৫ মে) মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩য় আদালতের বিচারক শামসাদ বেগম এই রায় ঘোষণা করেন।
আদালত দণ্ডবিধির ৩৯৫ ধারায় প্রত্যেক আসামিকে যাবজ্জীবন সাজার পাশাপাশি ২৫ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করেছেন। অনাদায়ে তাঁদের আরও ১ বছর করে সাজা ভোগ করতে হবে। মামলার নথি অনুযায়ী, ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি কুলাউড়ার কর্মদা গ্রামের মারুফ আহমদের বাড়িতে ডাকাতি ও ধর্ষণের ঘটনা ঘটেছিল। তবে ধর্ষণ সংক্রান্ত অভিযোগের বিচার নারী ও শিশু আদালতে আলাদাভাবে চলমান রয়েছে।
সাজাপ্রাপ্তরা হলেন— ভাতাইয়া গ্রামের মিলন মিয়া, রাহেল, ঘড়গাঁও গ্রামের দুলাল, শাহেদ ওরফে আবু জাফর, সেলিম, দক্ষিণ রাউৎগাঁও গ্রামের সাতির ওরফে সাকিল, ঘরগাঁও গ্রামের জুনাব আলী, উত্তর বর্ণি গ্রামের কামাল, মকরম ওরফে হাজী, নকুল ওরফে সুমন, বড়তল গুচ্ছ গ্রামের খোকন, সুজানগর গ্রামের জাকারিয়া এবং বড়লেখা উপজেলার জামাল। রায় ঘোষণার সময় ৩ জন আসামি আদালতে উপস্থিত ছিলেন এবং বাকি ১০ জন এখনো পলাতক রয়েছেন।
রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট নিয়ামুল হক রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন। তিনি বলেন, দীর্ঘ প্রায় ২০ বছর বিচারপ্রক্রিয়া শেষে পাওয়া এই রায় সমাজে অপরাধ নির্মূলে একটি দৃষ্টান্ত হিসেবে কাজ করবে।
এ.আই.এল/সকালবেলা