মোঃ ইউসুফ, হবিগঞ্জ প্রতিনিধি: পরকীয়াজনিত বিরোধের জেরে রাজধানী ঢাকায় অপহরণের পর এক যুবককে হত্যা করে লাশ মাধবপুরে ফেলে দেওয়ার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (৫ মে) সকালে হবিগঞ্জের মাধবপুর উপজেলার আন্দিউড়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশের ঝোপ থেকে ফরহাদ হোসেন মাহি (২৩) নামে ওই শিক্ষার্থীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত ফরহাদ হোসেন মাহি ঢাকার উত্তরখান থানার মৃত আবদুল আউয়ালের ছেলে এবং তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। গত ৩০ এপ্রিল রাতে দুর্বৃত্তরা তাঁকে রাজধানীর বাড্ডা এলাকার আফতাবনগর থেকে অপহরণ করে। এরপর একটি নির্জন কক্ষে আটকে রেখে শারীরিক নির্যাতনের পর তাঁকে হত্যা করা হয় বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।
এই ঘটনায় মৃদুল সরকার নামে এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে, ১ মে একটি প্রাইভেটকারে করে লাশটি মাধবপুর এলাকায় এনে মহাসড়কের পাশের ঝোপে ফেলে রাখা হয়। বাড্ডা থানা পুলিশ ও মাধবপুর থানা পুলিশের একটি দল যৌথ অভিযান চালিয়ে এই লাশ উদ্ধার করে।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা জানান, অপহরণের পর হত্যা করে লাশ গুমের চেষ্টা করা হয়েছিল। এর পেছনে পরকীয়াজনিত বিরোধ থাকতে পারে বলেও তদন্তে উঠে এসেছে। বর্তমানে লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ.আই.এল/সকালবেলা