‘চিকিৎসা সুবিধা নয়, মানুষের মৌলিক অধিকার’: ডা. জুবাইদা রহমান

রাকিবুল হাসান
প্রকাশ: মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৮:৪১ অপরাহ্ণ
‘চিকিৎসা সুবিধা নয়, মানুষের মৌলিক অধিকার’: ডা. জুবাইদা রহমান

নিজস্ব প্রতিবেদক: স্বাস্থ্যসেবা কোনো করুণা বা বাড়তি সুবিধা নয়, বরং এটি প্রতিটি মানুষের অন্যতম প্রধান মৌলিক অধিকার বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। তিনি বলেন, “বাংলাদেশের স্বাস্থ্য খাত দীর্ঘদিন ধরে অবহেলার শিকার হয়েছে। তবে বর্তমান সরকার এমন একটি বৈষম্যহীন ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে, যাতে দেশের কোনো নাগরিকই প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হন।”

মঙ্গলবার (৫ মে ২০২৬) বিকেলে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে আয়োজিত এক বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী অঙ্গীকারের আলোকে সাধারণ জনগণ ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য ‘স্বাস্থ্যসেবার সমতা প্রতিষ্ঠায় ঢাকা-১৭ এর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন’ শীর্ষক এই সভার আয়োজন করে হাসপাতাল কর্তৃপক্ষ।

ডা. জুবাইদা রহমান তাঁর বক্তব্যে ঢাকার কড়াইল, ভাসানটেক ও সাততলা বস্তির শ্রমজীবী মানুষের অবদান স্মরণ করে বলেন, “এই মানুষগুলোই আমাদের শহরের জীবনযাত্রাকে সচল রেখেছে, পোশাকশিল্পকে উজ্জ্বল করেছে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, এই এলাকার ৪২.৬ শতাংশ মানুষ প্রতিদিনের অসুস্থতায় বাধ্য হয়ে স্থানীয় ফার্মেসি থেকে ওষুধ কেনে, যেন ছুটির কারণে তাদের আয় বন্ধ না হয়। এখন থেকে কড়াইল-ভাসানটেকের কোনো মানুষ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হবে না। নবজাতক থেকে বয়োজেষ্ঠ্য এবং অন্তঃসত্ত্বা মায়েরা এখানে সম্পূর্ণ বিনামূল্যে দ্রুত ও মানসম্মত সুচিকিৎসা পাবেন।”

এই সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে তিনি স্থানীয় ঢাকা-১৭ আসনের স্বেচ্ছাসেবী ও যুব সমাজকে দিকনির্দেশনা দেন।

মতবিনিময় সভায় অংশ নেওয়ার আগে ডা. জুবাইদা রহমান কুর্মিটোলা জেনারেল হাসপাতালের নবনির্মিত প্যাথলজি প্যাভিলিয়, গ্যাস্ট্রোএন্টারোলজি সেন্টার এবং অত্যাধুনিক ৫০ শয্যাবিশিষ্ট আইসিইউ (ICU) ইউনিটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনের পর তিনি আইসিইউতে চিকিৎসাধীন রোগীদের শয্যাপাশে যান এবং তাঁদের চিকিৎসার খোঁজখবর নেন। রোগীদের সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে সেবা দিতে তিনি চিকিৎসকদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেন, “প্রধানমন্ত্রীর পরিবারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সদস্যের (ডা. জুবাইদা রহমান) সরাসরি মাঠে এসে সাধারণ মানুষের স্বাস্থ্যের খোঁজ নেওয়াটাই প্রমাণ করে যে দেশে একটি দায়বদ্ধতার নতুন রাজনৈতিক মেরুকরণ শুরু হয়েছে। সবার জন্য সুস্বাস্থ্য নিশ্চিত করা আমাদের সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ।”

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন তাঁর বক্তব্যে আশা প্রকাশ করে বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়ে যেমন কৃষি বিপ্লবের মাধ্যমে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছিল, তেমনই প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এই আমলে আমরা চিকিৎসাক্ষেত্রেও একটি দ্রুত ও গুণগত পরিবর্তন এনে সফল হব।”

কুর্মিটোলা জেনারেল হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী, স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত, প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী এস এম জিয়াউদ্দিন হায়দার, স্বাস্থ্য সচিব মো. কামরুজ্জামান চৌধুরী, বিএনপি নেতা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাসসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

মন্তব্য করুন