দুর্গাপুরে হোটেলে চাঁদাবাজির অভিযোগে মামলা

আমিরুল ইসলাম
প্রকাশ: মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৮:৩২ অপরাহ্ণ
দুর্গাপুরে হোটেলে চাঁদাবাজির অভিযোগে মামলা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনার দুর্গাপুরে একটি হোটেলে চাঁদা দাবি, বিল না দিয়ে খাওয়া এবং প্রাণনাশের হুমকির অভিযোগে ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও কয়েকজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। 

মঙ্গলবার (৫ মে) দুর্গাপুর থানার উপপরিদর্শক (এসআই) নুর ইসলাম বাদী হয়ে মামলাটি করেন।

মামলার এজাহারে স্থানীয় বাসিন্দা মেহেদী হাসান সাহস, ইমরান ইসলাম, জুয়েল, রাসেল, নাইম, মিলন, মেহেদী এবং রিসভীর নাম উল্লেখ করা হয়েছে। এজাহার সূত্রে জানা যায়, আসামিরা দুর্গাপুর উপজেলা সদর বাজারের হোটেল মালিক খোকন মিয়ার কাছে সম্প্রতি ২ লাখ টাকা চাঁদা দাবি করে। এছাড়া তাঁরা নিয়মিত হোটেলে খেয়ে বিল পরিশোধ না করে চলে যেত এবং টাকা চাইলে খুন-জখমের হুমকি দিত। এভাবে খাবার বাবদ প্রায় ১ লাখ টাকা বকেয়া রয়েছে বলেও উল্লেখ করা হয়।

হোটেল মালিক খোকন মিয়া জানান, আসামিরা দলবদ্ধভাবে এসে হুমকি দেওয়ায় তিনি ভয়ে দুই দিন হোটেল বন্ধ রাখতে বাধ্য হয়েছিলেন। হোটেলের ম্যানেজার ফিরোজ ও কর্মচারী সোহেলও অভিযুক্তদের বিরুদ্ধে নিয়মিত ভয়ভীতি দেখানোর অভিযোগ করেছেন।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, আসামিদের ভয়ে স্থানীয়রা মামলা না করায় পুলিশ বাদী হয়ে মামলাটি করেছে। অভিযুক্তদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন