নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেছেন। এর মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ তার পূর্ণাঙ্গ রূপ লাভ করল। রবিবার (৩ মে ২০২৬) রাত ৯টায় জাতীয় সংসদ ভবনের পূর্ব ব্লকের লেভেল-১ এ অবস্থিত শপথ কক্ষে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ নব-নির্বাচিত নারী জনপ্রতিনিধিদের শপথ বাক্য পাঠ করান।
বিএনপি থেকে শপথ নিয়েছেন সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হিরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আর্লি, নিপুণ রায় চৌধুরী, হেলেন জেরিন খান, নিলুফার চৌধুরী মনি ও সুলতানা আহমেদসহ মোট ৩৬ জন।
জামায়াত সমর্থিত জোটের ১২ জন সংসদ সদস্যের মধ্যে রয়েছেন নুরুন্নিসা সিদ্দীকা, মারজিয়া বেগম, তাসমিয়া প্রধান ও ইঞ্জি: মাহবুবা হাকিম প্রমুখ। এছাড়া স্বতন্ত্র জোট থেকে সুলতানা জেসমিন সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন।
সংসদ সচিবালয় জানিয়েছে, শপথ গ্রহণ শেষে সংসদ সদস্যরা রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন। উল্লেখ্য যে, জামায়াত জোটের মনোনীত আরেক প্রার্থী নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ হলেও আইনি জটিলতার কারণে আজ তার শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়নি।