হাওরের ধান-চাল কেনা বাড়াবে সরকার: প্রতিমন্ত্রী বারী

আমিরুল ইসলাম
প্রকাশ: রবিবার, ০৩ মে ২০২৬, ০৯:১৮ অপরাহ্ণ
হাওরের ধান-চাল কেনা বাড়াবে সরকার: প্রতিমন্ত্রী বারী

মহসিন মিয়া, নেত্রকোনা: জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী বলেছেন, কৃষকের স্বার্থে সরকার নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়েও বেশি ধান-চাল সংগ্রহ করবে। 

রবিবার (৩ মে) বিকেলে নেত্রকোনা পাবলিক হল মিলনায়তনে অভ্যন্তরীণ বোরো সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনকালে তিনি এ কথা জানান।

প্রতিমন্ত্রী জানান, হাওরের বন্যায় ক্ষয়ক্ষতি বিবেচনায় ধান-চাল কেনার সময়সূচি এগিয়ে আনা হয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, বোরো সংগ্রহে কোনো সিন্ডিকেটের স্থান হবে না এবং কৃষক যাতে সরাসরি ন্যায্যমূল্য পায়, সরকার তা নিশ্চিত করবে। কৃষকদের কোনো সমস্যা হলে তাৎক্ষণিক কন্ট্রোল রুমে জানানোর আহ্বান জানান তিনি।

সরকার এবার প্রতি কেজি ধানের মূল্য ৩৬ টাকা, সিদ্ধ চাল ৪৯ টাকা এবং আতপ চাল ৪৮ টাকা নির্ধারণ করেছে। নেত্রকোনায় ২০ হাজার ৪১৫ হেক্টর এলাকা থেকে ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যা আগামী ৩১ আগস্ট পর্যন্ত চলবে।

খাদ্য সচিব আবু তাহের মোঃ মাসুদ রানা-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সংসদ সদস্য অধ্যাপক ডা. আনোয়ারুল হক, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মু. জসীম উদ্দিন খান এবং আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক আশরাফুল আলমসহ পদস্থ কর্মকর্তাবৃন্দ।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন