মেহেদী হাসান মারুফ, সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের আয়োজনে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস ২০২৬ উপলক্ষে র্যালী ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩ মে) বেলা ১১টা ৩০ মিনিটে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাব চত্বরে এই কর্মসূচি পালন করা হয়।
শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সামিউল ইমাম আযম মনিরের সভাপতিত্বে এবং গাজী আল ইমরানের সঞ্চালনায় এই কর্মসূচিতে উপজেলা রিপোর্টার্স ক্লাব, রিপোর্টার্স ইউনিটি এবং সুন্দরবন প্রেসক্লাবের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। এতে বক্তব্য রাখেন সাবেক সভাপতি আলহাজ্ব আবু কাওসার, শেখ আফজালুর রহমান, জি.এম আব্দুল কাদের, এস কে সিরাজ এবং মোঃ বিল্লাল হোসেনসহ আরও অনেকে।
অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও দুর্নীতির বিরুদ্ধে কাজ করতে গিয়ে ২০২৬ সালেও সংবাদকর্মীরা হামলা, মামলা ও হত্যার শিকার হচ্ছেন। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিকদের ওপর নৃশংস হামলার নিন্দা জানিয়ে বক্তারা অবিলম্বে সকল সাংবাদিক হত্যা মামলার বিচার সম্পন্ন এবং সংবাদকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের কাছে জোর দাবি জানান।
এ.আই.এল/সকালবেলা