নোবিপ্রবি প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের শারীরিক বিকাশের লক্ষ্যে নির্মিত ভলিবল ও বাস্কেটবল কোর্ট উদ্বোধনের পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনো কোনো ম্যাচ অনুষ্ঠিত হয়নি। রক্ষণাবেক্ষণের অভাব ও অসম্পূর্ণ কাজের কারণে কোর্ট দুটি এখন পরিত্যক্ত প্রায়।
চলতি বছরের ১৬ ফেব্রুয়ারি উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল কোর্ট দুটির উদ্বোধন করেন। সরেজমিনে দেখা গেছে, বাস্কেটবল কোর্টের নেট এরই মধ্যে ছিঁড়ে গেছে এবং কোর্টে যাওয়ার সংযোগ সড়কটি এখনো অসম্পূর্ণ। এছাড়া কোর্টের চারপাশে আগাছা ও ঘাস গজিয়ে পুরো এলাকাটি অগোছালো হয়ে পড়েছে। শিক্ষার্থীদের অভিযোগ, একই সময়ে উদ্বোধন হওয়া শিক্ষকদের লন টেনিস কোর্টে নিয়মিত খেলা চললেও শিক্ষার্থীদের কোর্টটি অবহেলায় পড়ে আছে।
বিশ্ববিদ্যালয়ের শরীর চর্চা শিক্ষা দপ্তরের উপ-পরিচালক সঞ্জীব কুমার দে জনবল সংকট ও গ্রাউন্ডসম্যানের অভাবকে রক্ষণাবেক্ষণ না হওয়ার প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছেন। তিনি জানান, চলতি অর্থবছরে বাস্কেটবল টুর্নামেন্ট আয়োজন করা সম্ভব হবে না এবং কোর্টের বাকি থাকা আনুষঙ্গিক কাজগুলো আগামী বাজেটে সম্পন্ন করা হবে।
এ.আই.এল/সকালবেলা