নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ হলেও শপথ হচ্ছে না আজ

রাকিবুল হাসান
প্রকাশ: রবিবার, ০৩ মে ২০২৬, ০৮:০৮ অপরাহ্ণ
নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ হলেও শপথ হচ্ছে না আজ

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ৫০ জন প্রার্থীর মধ্যে ৪৯ জনের গেজেট প্রকাশিত হয়েছে এবং তারা আজ শপথ নিতে যাচ্ছেন। তবে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম-আহ্বায়ক নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ হওয়া সত্ত্বেও আজ তার শপথ গ্রহণ হচ্ছে না। অপর প্রার্থী মনিরা শারমিনের প্রার্থিতা ফিরে পাওয়ার আবেদনের বিষয়ে করা রিটের কারণে বিষয়টিতে আইনি জটিলতা তৈরি হয়েছে।

ইসি সূত্রে জানা গেছে, নুসরাত তাবাসসুমের গেজেট প্রকাশের পর যদি আদালত মনিরা শারমিনের পক্ষে রায় দেন, তবে নুসরাতের প্রার্থিতা বাতিল বা স্থগিত হতে পারে। সেক্ষেত্রে দুইজনের মধ্যে একজনকে বেছে নিতে জোটের অভ্যন্তরে ভোটের আয়োজন করতে হতে পারে।

এদিকে, হাইকোর্টে প্রার্থিতা ফিরে পাওয়ার রিটের শুনানি শেষ না হওয়া পর্যন্ত নুসরাত তাবাসসুমের নামে গেজেট প্রকাশ না করতে ইসিকে চিঠি দিয়েছেন মনিরা শারমিন। চিঠিতে তিনি উল্লেখ করেছেন, ৪ মে হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চে তার মামলার শুনানি হবে। যেহেতু তার দল প্রথমে তাকেই মনোনয়ন দিয়েছিল, তাই আদালতের আদেশ আসার আগে অন্য কারো গেজেট প্রকাশ করা হলে তিনি ‘অপূরণীয় ক্ষতির’ সম্মুখীন হবেন।

উল্লেখ্য, জামায়াত ও নাগরিক পার্টির এই রাজনৈতিক জোটে সংরক্ষিত একটি আসন নিয়ে দীর্ঘ টানাপোড়েন চলছে। নুসরাত তাবাসসুম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম পরিচিত মুখ হিসেবে জোটের চূড়ান্ত সমর্থন পেলেও মনিরা শারমিনের চ্যালেঞ্জিং অবস্থানের কারণে বিষয়টি এখন আইনি লড়াইয়ে মোড় নিয়েছে।

মন্তব্য করুন