সওজের জমিতে বিএনপির কার্যালয়: উচ্ছেদের নির্দেশ এমপির

আমিরুল ইসলাম
প্রকাশ: রবিবার, ০৩ মে ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ণ
সওজের জমিতে বিএনপির কার্যালয়: উচ্ছেদের নির্দেশ এমপির

মহিউদ্দিন আহমেদ, বিশেষ প্রতিবেদক: গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমি দখল করে নির্মিত বিএনপির সব অস্থায়ী কার্যালয় ও অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য রফিকুল ইসলাম বাচ্চু। 

রবিবার (৩ মে) দুপুরে তেলিহাটি ইউনিয়নের রঙিলা বাজার এলাকায় জলাবদ্ধতা নিরসনে মহাসড়ক পরিদর্শনে গিয়ে তিনি এই নির্দেশনা দেন।

পরিদর্শনকালে সংসদ সদস্য রফিকুল ইসলাম বাচ্চু সওজ গাজীপুরের নির্বাহী প্রকৌশলী তানভীর আহমেদকে উদ্দেশ্য করে বলেন, গাজীপুর-৩ আসনের মহাসড়কের পাশে সওজের জায়গা জবরদখল করে গড়ে ওঠা বিএনপির সকল কার্যালয়সহ অবৈধ স্থাপনা দ্রুত উচ্ছেদ করতে হবে। এতে সড়কে শৃঙ্খলা ফিরবে বলে তিনি উল্লেখ করেন।

সংসদ সদস্য আরও জানান, জলাবদ্ধতা নিরসনে মহাসড়কের পাশ দিয়ে দ্রুত একটি ড্রেন নির্মাণ করা হবে। এটি তেলিহাটি ও আশপাশের এলাকার পানি নিষ্কাশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সওজের নির্বাহী প্রকৌশলী তানভীর আহমেদ বলেন, রঙিলা বাজার এলাকায় পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় জলাবদ্ধতা হচ্ছে, যা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে এবং একই সাথে অবৈধ স্থাপনা উচ্ছেদ প্রক্রিয়া সহজতর হবে।

এ সময় শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদ ভূঁইয়া, উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. তৌহীদুল ইসলাম, সহকারী প্রকৌশলী শফিকুল ইসলাম এবং শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি মো. মাহফুজ হাসান হান্নানসহ স্থানীয় কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন