জাকির হোসাইন রাজু, ভালুকা (ময়মনসিংহ): ময়মনসিংহের ভালুকায় অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি)-এর আওতায় ‘বাঁকা খাল’ পুনঃখনন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
রবিবার (৩ মে) সকালে উপজেলার মল্লিকবাড়ী ও মেদুয়ারী ইউনিয়নের মধ্য দিয়ে প্রবাহিত এই খালের খনন কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু। তিনি বলেন, কৃষি ও গ্রামীণ অবকাঠামো উন্নয়নে সরকার বদ্ধপরিকর। এই খালটি খনন করা হলে এলাকার কৃষকদের দীর্ঘদিনের সেচ সমস্যা ও জলাবদ্ধতা দূর হবে এবং গ্রামীণ অর্থনীতি গতিশীল হবে।
দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে ভরাট হয়ে থাকা এই খালটি খনন সম্পন্ন হলে অত্র অঞ্চলের কয়েক হাজার একর কৃষি জমি সরাসরি উপকৃত হবে। ইজিপিপি কর্মসূচির মাধ্যমে স্থানীয় শ্রমিকদের অংশগ্রহণে এই কাজ সম্পন্ন হবে, যা একইসঙ্গে কর্মসংস্থান সৃষ্টি ও অবকাঠামোগত উন্নয়নে ভূমিকা রাখবে।
ভালুকা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফিরোজ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হোসাইন এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মফিদুল ইসলাম। এছাড়াও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ.আই.এল/সকালবেলা