বিএসটিআইয়ের নতুন মহাপরিচালক কাজী ইমদাদুল হক

জান্নাতুল ফেরদৌস
প্রকাশ: রবিবার, ০৩ মে ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ণ
বিএসটিআইয়ের নতুন মহাপরিচালক কাজী ইমদাদুল হক

পণ্যের মান নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন কাজী ইমদাদুল হক। সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া এই কর্মকর্তা আজ রবিবার (৩ মে ২০২৬) আনুষ্ঠানিকভাবে তাঁর দায়িত্ব গ্রহণ করেন।

কাজী ইমদাদুল হক জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদ্য অবসরপ্রাপ্ত কর কমিশনার এবং বিসিএস (কর) ক্যাডারের ৭ম ব্যাচের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা। দীর্ঘ তিন দশকের কর্মজীবনে তিনি ট্যাক্সেস আপিলাত ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট এবং এনবিআর-এর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্তরে মেধার স্বাক্ষর রেখেছেন। বিশেষ করে অভ্যন্তরীণ সম্পদ আহরণ এবং আন্তর্জাতিক করনীতি বিষয়ে তাঁর বিশেষ দক্ষতা রয়েছে। এর আগে ২০০১ থেকে ২০০৪ সাল পর্যন্ত তিনি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর একান্ত সচিব হিসেবেও দায়িত্ব পালন করেন।

শিক্ষাজীবনে অত্যন্ত মেধাবী কাজী ইমদাদুল হক ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগ থেকে এমএসসিতে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেন। তিনি বিশ্ববিদ্যালয়ের সাহিত্য প্রতিযোগিতায় দুইবার চ্যাম্পিয়ন এবং জাতীয় টেলিভিশন বিতর্কের একজন পরিচিত মুখ। গবেষক ও লেখক হিসেবেও তাঁর সুখ্যাতি রয়েছে; বিশেষ করে তাঁর লেখা ‘কালো টাকা’ গ্রন্থটি প্রশাসনিক ও অর্থনৈতিক মহলে বেশ আলোচিত।

প্রশাসনিক কাজের পাশাপাশি তিনি নিয়মিত সাহিত্যচর্চা এবং টেলিভিশনে আয়কর বিষয়ক অনুষ্ঠান পরিচালনার মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধিতে কাজ করে চলেছেন। বিএসটিআই-এর মতো গুরুত্বপূর্ণ সংস্থায় তাঁর নিয়োগ জাতীয় পর্যায়ে মান নিয়ন্ত্রণে নতুন গতি সঞ্চার করবে বলে আশা করা হচ্ছে।

জান্নাত/সকালবেলা

মন্তব্য করুন