ড্রেনেজ সংকটে মনুরহাট বাজারে চরম দুর্ভোগ

আমিরুল ইসলাম
প্রকাশ: রবিবার, ০৩ মে ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ণ
ড্রেনেজ সংকটে মনুরহাট বাজারে চরম দুর্ভোগ

সৌরভ হোসেন, বিশেষ প্রতিনিধি: সামান্য বৃষ্টিতেই পানিতে তলিয়ে যাচ্ছে ফেনীর ছাগলনাইয়া উপজেলার মহামায়া ইউনিয়নের ঐতিহ্যবাহী মনুরহাট বাজার। দীর্ঘদিন ধরে কার্যকর পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় বাজারজুড়ে স্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে ব্যবসায়ী, ক্রেতা ও পথচারীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, ২০০৫ সালের দিকে নির্মিত ড্রেনটি বর্তমানে ভেঙে অকার্যকর হয়ে পড়েছে। সংস্কারের অভাবে বৃষ্টির পানি নামতে না পেরে বাজারে হাঁটুসমান পানি জমে থাকে। বৃষ্টি থেমে যাওয়ার পরও পানি সরতে ৫ থেকে ৬ ঘণ্টা সময় লাগে, যা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তোলে।

সরেজমিনে দেখা গেছে, বাজারের সবজি দোকানসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে পানি ঢুকে পণ্য নষ্ট হচ্ছে, ফলে ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির শিকার হচ্ছেন। এছাড়া বাজারের পাশে অবস্থিত আলহাজ্ব আব্দুল চৌধুরী ডিগ্রি কলেজ ও দেবপুর ইসলামিয়া ডিগ্রি মাদ্রাসার শিক্ষার্থীরাও প্রতিদিন এই জলাবদ্ধতার কারণে চরম দুর্ভোগ পোহাচ্ছে।

বাজারের ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা দ্রুত একটি টেকসই ড্রেনেজ ব্যবস্থা নির্মাণের দাবি জানিয়েছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি পদক্ষেপ ছাড়া এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব নয় বলে তাঁরা মনে করেন।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন