ক্রীড়া প্রতিবেদক: অবশেষে আগামীকাল সোমবার (৪ মে ২০২৬) থেকে মাঠে গড়াচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) নতুন মৌসুম। দেশের ক্রিকেটারদের রুটিরুজির প্রধান এই টুর্নামেন্ট শুরু হওয়া নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন জাতীয় দলের ব্যাটার তাওহীদ হৃদয়। আজ রবিবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি এই লিগের গুরুত্ব তুলে ধরেন।
তাওহীদ হৃদয় বলেন, “প্রত্যেকটা ক্রিকেটারের জন্য টুর্নামেন্ট খেলাটা অনেক জরুরি ছিল। অনেক প্লেয়ার আছে যারা এই টুর্নামেন্টটা খেলেই পরিবার চালায়। যদি খেলা না হয়, তবে তাদের জন্য কষ্টের বিষয় হয়ে দাঁড়ায়। বিশেষ করে দ্বিতীয় ও তৃতীয় বিভাগের ক্রিকেটারদের কথা চিন্তা করলে এটি আরও বেশি গুরুত্বপূর্ণ।” তিনি আশা প্রকাশ করেন, বিসিবি ভবিষ্যতে নিম্ন স্তরের ক্রিকেটারদের জন্যও ভালো সুযোগ তৈরি করে দেবে।
এবারের আসরে ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে মাঠ মাতাবেন হৃদয়। নিজ দল নিয়ে আত্মবিশ্বাসী এই ব্যাটার বলেন, “আল্লাহর রহমতে আমরা ভালোই দল করেছি। তবে দিনশেষে কাগজে-কলমে নয়, মাঠের পারফরম্যান্সই মূল কথা। যারা মাঠে ভালো খেলবে, ফলাফল তাদের পক্ষেই আসবে।”
উল্লেখ্য, আগামীকাল একযোগে দেশের ছয়টি ভেন্যুতে ডিপিএল-এর প্রথম রাউন্ডের খেলা অনুষ্ঠিত হবে। দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় এই আসরটি আগামী ১১ জুন পর্যন্ত চলার কথা রয়েছে।
জান্নাত/সকালবেলা