মোঃ ইমরান মাহমুদ, জামালপুর প্রতিনিধি: জামালপুরে চুরির অপবাদ সইতে না পেরে এক গৃহবধূর আত্মহত্যার ঘটনাকে কেন্দ্র করে দায়ের হওয়া হত্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী। তাদের অভিযোগ, ঘটনাটি আত্মহত্যা হলেও উদ্দেশ্যপ্রণোদিতভাবে হত্যা মামলা দিয়ে নিরীহ মানুষকে হয়রানি করা হচ্ছে।
গত ২৬ মার্চ জামালপুর সদর উপজেলার কোটামনি এলাকায় একটি গরু চুরির ঘটনা ঘটে। এ নিয়ে আয়োজিত সালিশ বৈঠকে অভিযুক্ত সুজনকে না পেয়ে তাঁর বাবাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় অপমান ও মানসিক চাপ সহ্য করতে না পেরে সুজনের মা জোসনা বেগম নিজ বাড়িতে গিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
ঘটনার পরদিন জোসনা বেগমের ছেলে সজিব মিয়া ১০ জনের নাম উল্লেখসহ ১৫-১৬ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। মানববন্ধনে বক্তারা দাবি করেন, লজ্জা ও অপমানে জোসনা বেগম আত্মহত্যা করলেও সেটিকে ভিন্ন খাতে প্রবাহিত করতে মিথ্যা হত্যা মামলা দেওয়া হয়েছে। মামলার ভয়ে এলাকার অনেক পুরুষ আত্মগোপনে থাকায় পুরো এলাকা এখন পুরুষশূন্য।
রবিবার (৩ মে) সকালে কোটামনি এলাকায় আয়োজিত মানববন্ধনে স্থানীয় ইউপি সদস্য নায়ের আলীসহ শতাধিক নারী-পুরুষ অংশ নেন। তারা অবিলম্বে এই মামলা প্রত্যাহার এবং এলাকায় চুরি রোধে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেন। অন্যদিকে, মামলার তদন্ত কর্মকর্তা মো. খায়রুজ্জামান জানান, মামলাটি তদন্তাধীন এবং ইতোমধ্যে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। প্রকৃত দোষীদের শনাক্ত করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এ.আই.এল/সকালবেলা