নিজস্ব প্রতিবেদক: বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে সুপ্রিম কোর্টের এজলাসে প্রবেশে নিষেধাজ্ঞার প্রতিবাদে মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধন করেছেন উচ্চ আদালতে কর্মরত গণমাধ্যমকর্মীরা। আজ রবিবার (৩ মে ২০২৬) দুপুরে সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরাম (এসআরএফ) এই কর্মসূচির আয়োজন করে।
মানববন্ধনে সাংবাদিক নেতৃবৃন্দ অভিযোগ করেন, গত চার মাস ধরে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিভিন্ন বেঞ্চে সাংবাদিকদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। তাঁরা বলেন, আদালত কক্ষ একটি পাবলিক প্লেস যেখানে বিচার কার্যক্রম সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকে। সেখানে সংবাদ সংগ্রহে বাধা দেওয়া সংবিধানের ৩৯ অনুচ্ছেদে বর্ণিত মৌলিক অধিকারের সুস্পষ্ট লঙ্ঘন।
বক্তারা উল্লেখ করেন, প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী দায়িত্ব গ্রহণের পর থেকেই এজলাস কক্ষে সাংবাদিকদের প্রবেশে মৌখিক নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। দীর্ঘ সময় ধরে চলে আসা অবাধ প্রবেশের সুযোগ বন্ধ করায় স্বচ্ছ বিচারব্যবস্থা বাধাগ্রস্ত হচ্ছে বলে তাঁরা দাবি করেন। সাংবাদিক নেতারা অবিলম্বে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে পেশাগত দায়িত্ব পালনে পরিবেশ নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।
মানববন্ধনে এসআরএফের সভাপতি মাসউদুর রহমান রানা, সাধারণ সম্পাদক মেহেদী হাসান ডালিম এবং চ্যানেল আইয়ের বিশেষ প্রতিনিধি মাজহারুল হক মান্নাসহ শতাধিক গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।
জান্নাত/সকালবেলা