দেশে হামের ভয়াবহ প্রাদুর্ভাব: ২৪ ঘণ্টায় আরও ১০ শিশুর মৃত্যু

রাকিবুল হাসান
প্রকাশ: রবিবার, ০৩ মে ২০২৬, ০৪:২১ অপরাহ্ণ
দেশে হামের ভয়াবহ প্রাদুর্ভাব: ২৪ ঘণ্টায় আরও ১০ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: সারা দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে আরও ১০ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরও এক হাজার ২৬১ জন শিশু হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

রোববার (৩ মে) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিন ও প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এর আগে শনিবারও হাম ও এর উপসর্গে ৪ শিশুর মৃত্যুর খবর জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর, যেখানে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল ১,০২৪ জন। অর্থাৎ মাত্র এক দিনের ব্যবধানে মৃত্যু ও আক্রান্ত—উভয় সংখ্যাই উল্লেখযোগ্য হারে বেড়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আক্রান্ত শিশুদের বেশিরভাগই তীব্র জ্বর, শরীরে ফুসকুড়ি এবং শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে দেশের বিভিন্ন জেলা ও উপজেলা সদর হাসপাতালে ভর্তি হচ্ছে। সংক্রমণের হার বিবেচনায় বিশেষ করে দুর্গম এলাকাগুলোতে শিশুদের অবস্থা বেশি সংকটাপন্ন বলে জানা গেছে।

বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, হাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ। সময়মতো টিকা না নেওয়া এবং পুষ্টিহীনতার কারণে শিশুদের মধ্যে এই রোগের প্রকোপ বেশি দেখা দিচ্ছে। বর্তমান পরিস্থিতিতে শিশু ও অভিভাবকদের মানসিক স্বাস্থ্যের ঝুঁকিও বাড়ছে বলে সতর্ক করেছেন মনোরোগ বিশেষজ্ঞরা।

হামের এই প্রাদুর্ভাব মোকাবিলায় স্বাস্থ্য অধিদপ্তর থেকে বিশেষ টিকাদান কর্মসূচি ও সচেতনতামূলক ব্যবস্থা জোরদার করার কথা বলা হয়েছে। আক্রান্ত শিশুকে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে এবং অন্য শিশুদের থেকে আলাদা রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

এই বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে আরও বিস্তারিত তথ্য এবং পরবর্তী করণীয় নিয়ে জরুরি নির্দেশনা আসছে বলে জানানো হয়েছে।

মন্তব্য করুন