রোনালদোকে কেন উঠিয়ে নেওয়া হয়নি, যে ব্যাখ্যা দিলেন পর্তুগাল কোচ

প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১২:২৩ অপরাহ্ণ
রোনালদোকে কেন উঠিয়ে নেওয়া হয়নি, যে ব্যাখ্যা দিলেন পর্তুগাল কোচ

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের প্রথম ম্যাচে ডিআর কঙ্গোর সঙ্গে ১-১ গোলে ড্র করে পয়েন্ট ভাগাভাগি করেছে পর্তুগাল। দলের এই ব্যর্থতার দিনে সবচেয়ে বেশি সমালোচনার মুখে পড়েছেন মহাতারকা ক্রিস্তিয়ানো রোনালদো। পুরো ম্যাচে গোলমুখে কোনো শট নিতে না পারায় অনেকের প্রশ্ন ছিল, তাকে কেন দ্বিতীয়ার্ধে বদলি করা হয়নি?

ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে পর্তুগাল কোচ রবার্তো মার্তিনেজ রোনালদোর পাশে দাঁড়িয়েছেন। তাকে তুলে না নেওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, “আমরা ক্রিশ্চিয়ানোকে তার বয়স দিয়ে বিচার করি না। সে কেমন অনুভব করছে, কতটা প্রস্তুত—সেটাই দেখি। যে ম্যাচে আপনার গোল দরকার, সেখানে বিশ্বের অন্যতম সেরা গোলদাতাকে মাঠ থেকে তুলে নেওয়ার কোনো যুক্তি আমি দেখি না।”

৪১ বছর বয়সী রোনালদো পুরো ৯০ মিনিট মাঠে থাকলেও দলকে জয় এনে দিতে ব্যর্থ হন। কোচ মার্তিনেজ অবশ্য বিশ্বকাপের শুরুতেই এই হোঁচটকে বড় সংকট হিসেবে দেখছেন না। বরং তিনি ২০২২ বিশ্বকাপের উদাহরণ টেনে বলেন, “বিশ্বকাপে এমনটা হতেই পারে। ২০২২ সালে সৌদি আরবের কাছে হেরে শুরু করেও আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়েছিল। বিশ্বকাপ জেতা একটা দীর্ঘ প্রক্রিয়া।”

মার্তিনেজের মতে, গোল করার পরই পর্তুগাল ম্যাচের নিয়ন্ত্রণ হারাতে শুরু করে। তিনি বলেন, “আমরা ভালো শুরু করেছিলাম, গোলও পেয়েছিলাম। সাধারণত এতে আত্মবিশ্বাস বাড়ে, কিন্তু এবার উল্টো হয়েছে। আমরা প্রতিপক্ষকে পাল্টা আক্রমণের সুযোগ দিয়েছি এবং নিজেদের স্বাভাবিক ছন্দ হারিয়েছি।”

আগামী ম্যাচগুলোতে পর্তুগাল ঘুরে দাঁড়াতে পারবে কি না, তা নিয়ে এখন ফুটবলপ্রেমীদের বাড়তি আগ্রহ তৈরি হয়েছে।

জান্নাত সকালবেলা

মন্তব্য করুন