মেসিকে দলে নিতে চান ব্রাজিলের প্রেসিডেন্ট

প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:০৯ অপরাহ্ণ
মেসিকে দলে নিতে চান ব্রাজিলের প্রেসিডেন্ট

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে ১-১ গোলের ড্র করে পয়েন্ট ভাগাভাগি করেছে ব্রাজিল। প্রত্যাশা অনুযায়ী পারফরম্যান্স না হওয়ায় ব্রাজিল শিবিরে কিছুটা হতাশা থাকলেও, মজার ছলে পরিবেশ হালকা করেছেন দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা।

মরক্কোর বিপক্ষে ড্রয়ের পর সাংবাদিকরা প্রেসিডেন্টের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির প্রসঙ্গ টেনে আনেন। আলজেরিয়ার বিপক্ষে মেসির হ্যাটট্রিকে মুগ্ধ লুলা হাসতে হাসতে বলেন, “ভাবছি, ব্রাজিলের হয়ে খেলানোর জন্য মেসির সঙ্গে চুক্তি করা যায় কি না!” প্রেসিডেন্টের এই মন্তব্যটি নিছক রসিকতা হলেও, মেসির বর্তমান ফর্ম যে বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে, তা আবারও প্রমাণিত হলো।

লুলা অবশ্য ব্রাজিল দলের ওপর পূর্ণ আস্থা প্রকাশ করেছেন। তিনি মনে করেন, মরক্কোর বিপক্ষে ড্র কোনো বড় ধাক্কা নয়। বরং ব্রাজিলের ঐতিহ্য অনুযায়ী, যখনই তাদের নিয়ে সংশয় তৈরি হয়, তখনই তারা ঘুরে দাঁড়িয়ে শিরোপা জেতার সক্ষমতা দেখায়।

ব্রাজিল সমর্থকদের জন্য এই দিনের সবচেয়ে বড় সুখবর হলো—দীর্ঘ ইনজুরি কাটিয়ে অনুশীলনে ফিরেছেন দলের প্রাণভোমরা নেইমার জুনিয়র। গত কয়েক মাসে কাফ মাসলের চোটে তার বিশ্বকাপ খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। বুধবার অনুশীলনে তাকে বেশ প্রাণবন্ত দেখা গেছে। মাঠের ফেরার প্রতিক্রিয়ায় হাসি মুখে নেইমার সাংবাদিকদের বলেন, “কী ব্যাপার, আমাকে খুব মিস করছিলে?”

আগামী শুক্রবার হাইতির বিপক্ষে ম্যাচে নেইমার শুরুর একাদশে থাকবেন কি না, তা নিয়ে এখনো কোচিং স্টাফদের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষা। তবে অনুশীলনে তার উপস্থিতি পুরো ব্রাজিল শিবিরে নতুন আশার সঞ্চার করেছে।

জান্নাত সকালবেলা

মন্তব্য করুন