মিরসরাইয়ে পাহাড়ের মাটিধসে কিশোরের মৃত্যু, আহত ১

প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৩:০০ অপরাহ্ণ
মিরসরাইয়ে পাহাড়ের মাটিধসে কিশোরের মৃত্যু, আহত ১

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের মিরসরাইয়ে পাহাড়ের মাটিধসে মো. সায়েম (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় সোহেল রানা নামে আরেক কিশোর আহত হয়েছে। গতকাল বুধবার রাত ৮টার দিকে উপজেলার করেরহাট ইউনিয়নের গেড়ামারা এলাকার বড়থলি গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

নিহত মো. সায়েম ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার নিজপানুয়া এলাকার বশর আহমেদের ছেলে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, কয়েক মাস আগে সায়েম বড়থলি গ্রামের একটি টিলার পাদদেশে বসতভিটা তৈরির জন্য জায়গা ক্রয় করে। নিজের সেই বসতভিটার নিচু অংশ ভরাট করার জন্য সে গত কয়েকদিন ধরে ঘরের পাশের টিলা থেকে একাই মাটি কাটছিল। প্রতিদিনের মতো বুধবার রাতেও মাটি কাটার সময় হঠাৎ টিলার একটি বড় অংশ ধসে তাদের ওপর পড়ে। এতে সায়েম এবং তার পাশে থাকা সোহেল রানা নামের অন্য এক কিশোর মাটির নিচে চাপা পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর পরই স্থানীয় বাসিন্দারা ছুটে এসে প্রায় ৩০ মিনিট চেষ্টা চালিয়ে মাটির নিচ থেকে তাদের উদ্ধার করেন। পরে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সায়েমকে মৃত ঘোষণা করেন। তবে আহত সোহেল রানা প্রাথমিক চিকিৎসা নিয়ে বর্তমানে বাড়িতে ফিরে এসেছে।

এদিকে একমাত্র ছেলেকে হারিয়ে সায়েমের মা ছালেহা বেগম এখন সম্পূর্ণ দিশেহারা। তিনি জানান, স্বামীর মৃত্যুর পর অনেক কষ্টে ছেলে-মেয়েকে নিয়ে নতুন করে জীবন শুরু করেছিলেন, কিন্তু পাহাড় ধস তাঁর সেই স্বপ্ন কেড়ে নিল।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে পুলিশ পৌঁছানোর আগেই স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান এবং সেখানে চিকিৎসাধীন অবস্থায় এক কিশোরের মৃত্যুর খবর জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। এই ঘটনায় পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য করুন