হ্যাটট্রিকের রাতেই ২০৩০ বিশ্বকাপ নিয়ে সিদ্ধান্ত জানালেন মেসি

প্রকাশ: বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:১৩ অপরাহ্ণ
হ্যাটট্রিকের রাতেই ২০৩০ বিশ্বকাপ নিয়ে সিদ্ধান্ত জানালেন মেসি
সংগৃহীত ছবি

স্পোর্টস ডেস্ক: আলজেরিয়ার বিপক্ষে চোখধাঁধানো হ্যাটট্রিক করে লিওনেল মেসি আবারও বুঝিয়ে দিলেন, বড় মঞ্চে তাঁর জাদু এখনো ফুরিয়ে যায়নি। আর্জেন্টিনার ৩-০ গোলের জয়ের ম্যাচে তিন গোল করে বিশ্বকাপে নিজের মোট গোলসংখ্যা ১৬-তে নিয়ে গেছেন তিনি। এর মাধ্যমে তিনি ছুঁয়েছেন মিরোস্লাভ ক্লোসের পুরুষ বিশ্বকাপের সর্বোচ্চ গোলের রেকর্ড। আর্জেন্টিনার হয়ে নিজের ২০০তম ম্যাচে এমন অবিস্মরণীয় পারফরম্যান্সের পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে— মেসিকে কি ২০৩০ বিশ্বকাপেও দেখা যাবে?

ভবিষ্যতের সেই সপ্তম বিশ্বকাপে খেলার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে হাসিমুখেই উত্তর দিয়েছেন মেসি। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, “না, না, সেটা নিশ্চিতভাবেই নয়।”

চলমান ২০২৬ বিশ্বকাপে খেলতে নেমেই ছয়টি ভিন্ন আসরে মাঠে নামার এক বিরল ইতিহাস গড়েছেন মেসি। ২০০৬ সালে শুরু হওয়া তাঁর এই বিশ্বকাপ যাত্রা ২০১০, ২০১৪, ২০১৮ এবং ২০২২ পেরিয়ে এবার ২০২৬-এ এসে ঠেকেছে। প্রায় ৩৯ বছর বয়সেও আলজেরিয়ার বিপক্ষে তাঁর এমন বিধ্বংসী রূপ দেখে সমর্থকেরা ৪২ বছর বয়সে ২০৩০ বিশ্বকাপে খেলার স্বপ্ন দেখতে শুরু করেছিলেন, যাতে আপাতত জল ঢেলে দিলেন এলএমটেন।

অবশ্য নিজের ফুটবল ক্যারিয়ার চালিয়ে যাওয়ার প্রশ্নে মেসি জানান, বয়স নয়, শরীর যত দিন সায় দেবে এবং মাঠে নিজেকে যত দিন ফিট মনে করবেন, তত দিন খেলে যাবেন। তবে বিশ্বকাপের মতো সর্বোচ্চ মঞ্চে সপ্তমবার নামার সম্ভাবনা তিনি নিজেই উড়িয়ে দিয়েছেন।

আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ শেষে বর্তমান বিশ্বকাপ নিয়ে মেসি বলেন, “আর্জেন্টিনা ভালো অবস্থায় আছে এবং প্রতিদ্বন্দ্বিতা করার জন্য পুরোপুরি প্রস্তুত। এই দল সব সময় লড়াই করে এবং প্রতিপক্ষ যেই হোক না কেন, নিজেদের ফুটবলটাই খেলতে চায়।” তবে বিশ্বকাপের প্রতিটি ম্যাচই যে অত্যন্ত কঠিন, সেই বাস্তবতার কথাও মনে করিয়ে দেন তিনি।

২০২২ সালে কাতারে স্বপ্ন পূরণের পর এবার উত্তর আমেরিকায় শিরোপা ধরে রাখাই বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মূল লক্ষ্য। আর সেই লক্ষ্যে আলজেরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচেই শুভসূচনা করেছে আলবিসেলেস্তেরা। ২০৩০ বিশ্বকাপকে ‘না’ বললেও চলতি আসরেই মেসির সামনে অপেক্ষা করছে আরও বড় রেকর্ড; আর মাত্র একটি গোল করলেই মিরোস্লাভ ক্লোসেকে টপকে এককভাবে পুরুষ বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হয়ে যাবেন লিওনেল মেসি।

মন্তব্য করুন