প্রতিরক্ষা রপ্তানিতে ভারতের নতুন রেকর্ড, নেপথ্যে কী

প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৩:২৯ অপরাহ্ণ
প্রতিরক্ষা রপ্তানিতে ভারতের নতুন রেকর্ড, নেপথ্যে কী

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বজুড়ে প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনের অন্যতম শক্তিশালী কেন্দ্রে পরিণত হওয়ার পথে ভারত। ২০২৫-২৬ অর্থবছরে দেশটি প্রতিরক্ষা রপ্তানিতে ৩৮ হাজার ৪২৪ কোটি টাকার নতুন রেকর্ড গড়েছে, যা গত অর্থবছরের তুলনায় ৬২.৬৬ শতাংশ বেশি। বৃহস্পতিবার (১৮ জুন) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত এক বছরে ভারতের প্রতিরক্ষা রপ্তানি আয় আগের বছরের চেয়ে ১৪ হাজার ৮০২ কোটি টাকা বৃদ্ধি পেয়েছে। এই রপ্তানির মধ্যে ৫৪.৮৪ শতাংশ এসেছে রাষ্ট্রীয় প্রতিরক্ষা সংস্থাগুলো (ডিপিএসইউ) থেকে এবং ৪৫.১৬ শতাংশ এসেছে বেসরকারি খাত থেকে। যেখানে রাষ্ট্রীয় সংস্থাগুলোর রপ্তানি প্রবৃদ্ধি ছিল ১৫১ শতাংশ, সেখানে বেসরকারি খাতের প্রবৃদ্ধি ১৪ শতাংশ। একই সঙ্গে, দেশটির অভ্যন্তরীণ প্রতিরক্ষা উৎপাদন ১.৭৮ লক্ষ কোটি টাকার মাইলফলক ছুঁয়েছে।

বিশেষজ্ঞদের মতে, এই অভাবনীয় সাফল্যের পেছনে কয়েকটি মূল কারণ রয়েছে

আধুনিক যুদ্ধব্যবস্থা এখন অনেক বেশি গতিশীল এবং প্রযুক্তিনির্ভর। ড্রোন, এআই নজরদারি, সাইবার সিস্টেম এবং ইলেকট্রনিক যুদ্ধ সরঞ্জামের দিকে ভারত বিশেষ মনোযোগ দিয়েছে।ডিজাইন, ইঞ্জিনিয়ারিং ও সফটওয়্যার—প্রতিটি ক্ষেত্রেই ভারত এখন নিজস্ব সক্ষমতা গড়ে তুলছে, যা আগে বিদেশের ওপর নির্ভরশীল ছিল। রাষ্ট্রীয় সংস্থার পাশাপাশি বেসরকারি প্রতিরক্ষা প্রতিষ্ঠানগুলোর সক্রিয় অংশগ্রহণ রপ্তানি বাজার সম্প্রসারণে বড় ভূমিকা রেখেছে। বিশেষজ্ঞরা বলছেন, এটি আর কেবল কৌশলগত পছন্দ নয়, বরং জাতীয় প্রয়োজনে পরিণত হয়েছে। ভারতের প্রতিরক্ষা ব্যবস্থা এখন নিজেদের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক বাজারে প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছে।

গত পাঁচ বছরে ভারতের প্রতিরক্ষা রপ্তানি আয় প্রায় তিনগুণ বৃদ্ধি পেয়েছে। ২০২২ সালের ১২ হাজার ৮০০ কোটি টাকা থেকে বেড়ে বর্তমানে তা ৩৮ হাজার কোটি টাকা ছাড়িয়েছে, যা বিশ্ব ভূ-রাজনীতিতে ভারতের ক্রমবর্ধমান প্রভাবের বহিঃপ্রকাশ।

জান্নাত সকালবেলা

মন্তব্য করুন