ডা. জুবাইদা রহমানের জন্মদিন উদযাপনে রাজধানীতে অনাড়ম্বর আয়োজন
নিজস্ব প্রতিবেদক: জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডা. জুবাইদা রহমানের জন্মদিন অনাড়ম্বর ও জনহিতকর কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। জন্মদিন উপলক্ষে ডা. জুবাইদা রহমানের ব্যক্তিগত নির্দেশনায় সব ধরনের জাঁকজমকপূর্ণ আয়োজন পরিহার করে অসহায় মানুষের সেবা ও কল্যাণমূলক কাজকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।
রাজধানীর মহাখালী টি অ্যান্ড টি মহিলা কলেজ মিলনায়তনে আয়োজিত এই কর্মসূচির মধ্যে ছিলকোরআন খতম, শিশুদের স্বাস্থ্য পরীক্ষা, বিনামূল্যে ওষুধ বিতরণ, পথশিশুদের মাঝে খাবার বিতরণ এবং গাছের চারা রোপণ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। তিনি শিশুদের উদ্দেশে বলেন, ডা. জুবাইদা রহমান নিজের মেধা ও মননে উদ্ভাসিত এক মহীয়সী নারী। তিনি জন্মদিনের আড়ম্বর পছন্দ করেন না। তিনি জ্ঞানভিত্তিক সমাজ নির্মাণ এবং রাষ্ট্র গঠনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছায়াসঙ্গী হিসেবে নিরলস কাজ করে যাচ্ছেন।
অনুষ্ঠানে জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ, বিএনপির স্বাস্থ্যবিষয়ক সহসম্পাদক ডাক্তার পারভেজ রেজা কাঁকন, কৃষিবিদ মাহবুবুল হক বাচ্চু, ইঞ্জিনিয়ার জহিরুল ইসলাম, সাংবাদিক হাফিজ আল আসাদ সাইদ খানসহ ড্যাব ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
শেষে ড. আব্দুল মঈন খান কলেজ মাঠে বৃক্ষরোপণ এবং পথশিশুদের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম উদ্বোধন করেন। পরে ফাউন্ডেশনের পক্ষ থেকে হাফেজ ও পথশিশুদের মাঝে মধ্যাহ্নভোজ পরিবেশন করা হয়।
জান্নাত সকালবেলা
|