চকরিয়ায় শিশু হত্যা মামলায় আটক ৩

প্রকাশ: মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৭:০১ অপরাহ্ণ
চকরিয়ায় শিশু হত্যা মামলায় আটক ৩

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়া উপজেলায় সাত বছরের এক শিশুকে পাশবিক নিপীড়নের পর হত্যা করার লোমহর্ষক অভিযোগ উঠেছে। নিখোঁজ হওয়ার পরদিন আজ মঙ্গলবার সকালে পূর্ব বড়ভেওলা ইউনিয়নের মাইজপাড়া গ্রামের একটি ডোবা থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

এই নৃশংস হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে তিন যুবককে আটক করা হয়েছে। আটককৃতরা হলো— স্থানীয় দেলোয়ার হোসেনের ছেলে মানিক ওরফে কাবিলা, আবদুল আজিজের ছেলে তারেক এবং আরমান।

নিহত শিশুর নাম ওয়াহিদুল ইসলাম। সে পূর্ব বড়ভেওলা এলাকার তৌহিদুল ইসলাম লিটনের ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল সোমবার সন্ধ্যা থেকে হঠাৎ করেই ওয়াহিদুল নিখোঁজ হয়। রাতে পরিবারের লোকজন ও প্রতিবেশীরা অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। আজ মঙ্গলবার সকালে বাড়ির অদূরে একটি পরিত্যক্ত ডোবায় তার নিথর দেহ ভাসতে দেখে স্বজন ও স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেন।

পূর্ব বড়ভেওলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হারুনুর রশিদ জানান, সকালে ফজুমিয়াজিরচর এলাকার একটি ছোট খালে শিশুটির লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে অবগত করেন। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়। তিনি এই জঘন্য হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

শিশুটিকে নিপীড়ন ও শ্বাসরোধ করে হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন মাতামুহুরী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ মাসুদ। তিনি জানান, "প্রাথমিক তদন্ত ও জিজ্ঞাসাবাদে নিশ্চিত হওয়া গেছে যে, শিশুটিকে তিনজন মিলে নিপীড়নের পর হত্যা করেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে আটক হওয়া তিন ব্যক্তিই পুলিশের কাছে তাদের অপরাধের কথা স্বীকার করেছে।" ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং এই বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন