মাদক কারবারিদের বাড়ি ভাঙল বিক্ষুব্ধ জনতা

প্রকাশ: মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৬:১১ অপরাহ্ণ
মাদক কারবারিদের বাড়ি ভাঙল বিক্ষুব্ধ জনতা

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইল উপজেলায় মাদক ব্যবসার অভিযোগে তিন ব্যক্তির বাড়িঘর ভাঙচুর করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী। 

আজ মঙ্গলবার (১৬ জুন) সকালে নান্দাইল পৌরসভার দুটি এবং উপজেলার চণ্ডীপাশা ইউনিয়নের একটি বাড়িতে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নান্দাইল পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের দশালিয়া মহল্লার বাসিন্দা মো. ইদ্রিস আলী ও আবদুল কাদিরের বাড়িতে সকালে চড়াও হন এলাকাবাসী। স্থানীয়দের অভিযোগ, ওই দুটি বাড়ি থেকে দীর্ঘদিন ধরে ইয়াবা ও গাঁজাসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য বিক্রি করা হচ্ছিল। এলাকার যুবসমাজ মাদকের মরণনেশায় ধাবিত হওয়ায় বিভিন্নভাবে চেষ্টা করেও এই ব্যবসা বন্ধ করতে ব্যর্থ হন তারা। এরই জেরে সকালে শতাধিক মানুষ একত্রিত হয়ে দুই ভাগে বিভক্ত হয়ে ওই দুই ব্যক্তির বসতবাড়িতে হামলা ও ভাঙচুর চালান।

ঘটনার পর থেকে অভিযুক্ত ইদ্রিস আলী ও আবদুল কাদির এলাকা ছেড়ে আত্মগোপনে রয়েছেন। সরেজমিনে ইদ্রিস আলীর বাড়িতে গিয়ে দেখা যায়, তাঁর বসতঘর, রান্নাঘরের টিনের বেড়া এবং শৌচাগার ভাঙচুর করা হয়েছে। তবে ইদ্রিসের স্ত্রী শিল্পী আক্তার দাবি করেন, তাঁর স্বামী আগে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকলেও বর্তমানে এই পথ ছেড়ে দিয়েছেন।

একই দিন সকালে উপজেলার চণ্ডীপাশা ইউনিয়নের চারকান্দা গ্রামে সুজন মিয়া নামের আরেক কথিত মাদক ব্যবসায়ীর বাড়িতেও ভাঙচুর চালানো হয়। স্থানীয়রা জানান, উত্তেজিত জনতা বাড়ি ভাঙতে গেলে সুজন বাধা দেওয়ার চেষ্টা করেন। পরে ক্ষুব্ধ জনতা তাঁকে সরিয়ে দিয়ে বাড়িঘর ভেঙে ফেলে। স্থানীয়রা আরও জানান, গত সপ্তাহেও নান্দাইল উপজেলার সিংদই ও জাহাঙ্গীরপুর গ্রামে দুই মাদক ব্যবসায়ীর বাড়িতে একই ধরনের ভাঙচুরের ঘটনা ঘটেছিল।

এ বিষয়ে নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম বলেন, ‘আইন হাতে তুলে নেওয়ার মতো এ ধরনের ঘটনা সমাজের জন্য অশনিসংকেত। এলাকায় কোনো মাদক ব্যবসায়ী থাকলে জনগণ তাঁকে ধরে পুলিশের হাতে তুলে দিতে পারেন। কিন্তু প্রচলিত আইন কারও বাড়িঘর ভাঙচুর করা কোনোভাবেই সমর্থন করে না।’

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন