মেঘনায় সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু

প্রকাশ: মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৬:০৪ অপরাহ্ণ
মেঘনায় সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু

উপজেলা প্রতিনিধি, মেঘনা (কুমিল্লা): কুমিল্লার মেঘনা উপজেলায় অটোরিকশার ধাক্কায় আব্দুল্লাহ নামের ৬ বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

আজ মঙ্গলবার (১৬ জুন) দুপুরে উপজেলার হরিপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল্লাহ ওই গ্রামের মো. রবিকুল ইসলামের ছেলে এবং স্থানীয় জিলানী মিস্ত্রির নাতি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুর্ঘটনাস্থলের পাশেই শিশু আব্দুল্লাহর বাড়ি। দুপুরে বাড়ির পাশে খেলাধুলার একপর্যায়ে সে হঠাৎ করে সড়কের ওপর চলে আসে। ঠিক ওই সময়ে রামপুর থেকে হরিপুরগামী একটি অটোরিকশা হরিপুরের রেখা প্লাজার সামনে লোকমান মিয়ার দোকানের কাছে পৌঁছালে শিশুটিকে সজোরে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করলেও শেষ রক্ষা হয়নি; পথেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর অটোরিকশাটি রেখে চালক মো. নুরুল ইসলাম দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান। সে বড়কান্দা গ্রামের আব্দুল আউয়ালের ছেলে।

মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনায় জড়িত অটোরিকশাটি জব্দ করেছে। তবে চালক পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে এবং এই ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন