গৃহবধূকে হত্যার অভিযোগে স্বামীর বিরুদ্ধে মামলা

প্রকাশ: মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ণ
গৃহবধূকে হত্যার অভিযোগে স্বামীর বিরুদ্ধে মামলা

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় রূপা বেগম (২৬) নামের এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। এই নৃশংস ঘটনার পর নিহতের বাবা বাদী হয়ে স্বামীসহ তিনজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাত বছর আগে কাশিয়ানী উপজেলার সাজাইল ইউনিয়নের ছোটকারকান্দি গ্রামের মো. রিজাউল শেখের ছেলে মোহাম্মাদ শেখের সঙ্গে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বেজিডাঙ্গা গ্রামের মো. দেলোয়ার শেখের মেয়ে রূপা বেগমের বিয়ে হয়। অভিযোগ রয়েছে, বিয়ের পর থেকেই বাবার বাড়ি থেকে টাকা এনে দেওয়ার জন্য রূপাকে চাপ সৃষ্টি করত স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন। যৌতুকের এই দাবি পূরণ না করায় প্রায়ই তার ওপর চালানো হতো শারীরিক নির্যাতন।

নিহতের শ্বশুর রিজাউল শেখ নিজেই পুত্রবধূর ওপর নির্যাতনের কথা স্বীকার করে জানান, তার ছেলে মোহাম্মাদ প্রায়ই রূপাকে মারধর করতেন। এরই ধারাবাহিকতায় গত ৮ জুন তাকে নির্মমভাবে পিটিয়ে গুরুতর আহত করা হয়। রূপা মারাত্মক অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য পর্যায়ক্রমে গোপালগঞ্জ সদর হাসপাতাল, ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে সর্বশেষ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ছয় দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে গত শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় রূপা মারা যান।

গত সোমবার ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে সন্ধ্যায় বাবার বাড়িতে রূপা বেগমের দাফন সম্পন্ন হয়। এই ঘটনার পর সোমবার (১৫ জুন) রাতে নিহতের বাবা মো. দেলোয়ার শেখ বাদী হয়ে কাশিয়ানী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, মামলায় নিহতের স্বামী মোহাম্মাদ শেখ (৪৬), তার ভাসুর মো. নূরু শেখ (৪২) এবং শাশুড়ি নার্গিস বেগমকে (৬০) আসামি করা হয়েছে। ঘটনার পর থেকে আসামিরা পলাতক রয়েছেন। তাদের দ্রুত গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন