অভয়নগরে নদীতে ডুবে শিশুর মৃত্যু

প্রকাশ: মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ণ
অভয়নগরে নদীতে ডুবে শিশুর মৃত্যু

অভয়নগর (যশোর) প্রতিনিধি: যশোরের অভয়নগরে ভৈরব নদে গোসল করতে নেমে পানিতে ডুবে সাজ্জাদ হোসেন (১০) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

আজ মঙ্গলবার (১৬ জুন) দুপুরে উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের পাইকপাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

নিহত সাজ্জাদ হোসেন খুলনা জেলার রূপসা উপজেলার চানমারী গ্রামের মাছ ব্যবসায়ী বাচ্চু শেখের ছেলে। ঈদুল আজহার ছুটি কাটাতে মায়ের সঙ্গে অভয়নগরের পাইকপাড়া গ্রামে মামা আলিম শেখের বাড়িতে বেড়াতে এসেছিল সে।

নিহতের মামা আলিম শেখ জানান, ঈদের পরের দিন সাজ্জাদ তার মায়ের সঙ্গে তাঁদের বাড়িতে বেড়াতে আসে। আজ মঙ্গলবার দুপুর ১টার দিকে গ্রামের সমবয়সী তিন বন্ধুর সঙ্গে সে বাড়ির পাশে ভৈরব নদের পাইকপাড়া ঘাট এলাকায় গোসল করতে নামে। গোসলের একপর্যায়ে তীব্র স্রোতে সাজ্জাদ পানির নিচে তলিয়ে গিয়ে নিখোঁজ হয়।

এ সময় তার সঙ্গে থাকা অপর শিশুরা দ্রুত বাড়ি ফিরে পরিবারকে বিষয়টি জানায়। খবর পেয়ে স্থানীয় লোকজন নদে নেমে তল্লাশি শুরু করেন। দীর্ঘ এক ঘণ্টা খোঁজাখুঁজির পর দুপুর ২টার দিকে নদীর তলদেশ থেকে সাজ্জাদকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা ডা. সোহানা আজমিন উর্মী জানান, সাজ্জাদ হোসেন নামের ওই শিশুটিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল। প্রাথমিকভাবে পানিতে ডুবেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভৈরব নদে ডুবে মারা যাওয়া শিশুটির সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। এই বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন