আলোচিত শিশু আয়াত হত্যা মামলার রায় আগামীকাল

প্রকাশ: মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:৪১ অপরাহ্ণ
আলোচিত শিশু আয়াত হত্যা মামলার রায় আগামীকাল

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের আলোচিত শিশু আলিনা ইসলাম আয়াত হত্যা মামলার রায় ঘোষণার জন্য বুধবার (১৭ জুন) দিন ধার্য করেছেন আদালত। মামলায় রাষ্ট্রপক্ষ প্রধান আসামির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দাবি করেছে।

ষষ্ঠ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের বিচারক মুহাম্মদ আলী আক্কাস মঙ্গলবার (১৬ জুন ২০২৬) যুক্তিতর্ক শেষে রায় ঘোষণার এ তারিখ নির্ধারণ করেন।

রাষ্ট্রপক্ষের সরকারি কৌঁসুলি জালাল উদ্দিন জানান, মামলায় মোট ৩৩ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন। যুক্তিতর্ক শেষে আদালত রায়ের জন্য ১৭ জুন দিন ধার্য করেছেন। রাষ্ট্রপক্ষ আসামির সর্বোচ্চ শাস্তি চেয়েছে।

মামলার তথ্য অনুযায়ী, চট্টগ্রাম নগরের ইপিজেড থানার বন্দরটিলা এলাকার বাসিন্দা সোহেল রানার পাঁচ বছর বয়সী মেয়ে আলিনা ইসলাম আয়াত ২০২২ সালের ১৫ নভেম্বর বিকেলে বাসার পাশের একটি মক্তবে যাওয়ার পর নিখোঁজ হয়। পরে তদন্তে জানা যায়, পরিচিত ব্যক্তি মো. আবির তাকে অপহরণের পর হত্যা করেন।

ওই বছরের ২৫ নভেম্বর গ্রেপ্তারের পর আদালতে দেওয়া জবানবন্দিতে আবির হত্যার দায় স্বীকার করেন।

তদন্তকারী সংস্থা পিবিআই জানায়, মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে আয়াতকে অপহরণ করা হয়েছিল। পরিকল্পনা ব্যর্থ হলে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়। পরে মরদেহ খণ্ড-বিখণ্ড করে বিভিন্ন স্থানে ফেলে দেওয়া হয়।

তদন্ত শেষে ২০২৩ সালের ১০ অক্টোবর পিবিআইয়ের তৎকালীন পরিদর্শক মনোজ দে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এতে মো. আবির এবং তার ১৭ বছর বয়সী এক বন্ধুকে আসামি করা হয়। কিশোর হওয়ায় দ্বিতীয় আসামির পরিচয় প্রকাশ করা হয়নি।

বর্তমানে প্রধান আসামি আবির কারাগারে রয়েছেন। অপরদিকে কিশোর আসামির বিচার শিশু আদালতে চলছে।

আয়াতের মা সাহেদা আক্তার বলেন, মেয়ের মুখ এক মুহূর্তের জন্যও ভুলতে পারেননি। তিনি আসামির দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

মামলার বাদী ও আয়াতের বাবা সোহেল রানা বলেন, তার মেয়েকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে এবং তিনি হত্যাকারীর ফাঁসি চান।

মন্তব্য করুন