আর্জেন্টিনাকে ভাবাচ্ছে ‘সালাহ ফ্যাক্টর’; আজ রাতে মেসির পরীক্ষা

প্রকাশ: মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৭:১৮ অপরাহ্ণ
আর্জেন্টিনাকে ভাবাচ্ছে ‘সালাহ ফ্যাক্টর’; আজ রাতে মেসির পরীক্ষা

স্পোর্টস ডেস্ক: চলমান ২০২৬ ফিফা ফুটবল বিশ্বকাপের নকআউট পর্বের হাইভোল্টেজ ম্যাচে আজ রাতে আটলান্টায় মুখোমুখি হচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার পরাশক্তি মিসর। কাগজ-কলমে আর্জেন্টিনা ফেভারিট হলেও, মাঠের লড়াইয়ের আগে আলবিসেলেস্তে শিবিরকে তীব্রভাবে ভাবাচ্ছে ‘সালাহ ফ্যাক্টর’। আর্জেন্টিনার খোদ ক্রীড়া সাংবাদিকদের মধ্যেও এই ম্যাচ নিয়ে রয়েছে প্রচ্ছন্ন আতঙ্ক। বুয়েনস আইরেসের ফুটবল মহল থেকে শুরু করে খোদ কোচ লিওনেল স্কালোনির কপালেও এখন চিন্তার ভাঁজ, যার মূল কারণ আর্জেন্টিনার বর্তমান নড়বড়ে রক্ষণভাগ।

আর্জেন্টাইন সাংবাদিক আন্তোনিওর পাঠানো এক বার্তায় পরিষ্কার ফুটে উঠেছে সেই ভয়, “মোটেই আমরা ফেভারিট নই। স্কালোনি জানেই না, ডিফেন্সটা নিয়ে কী করবে। সালাহ আর ওমর মারমুশ, এই দু’জনই আমাদের রক্ষণভাগ তছনছ করে দিতে পারে।” বুয়েনস আইরেসের যেকোনো ফুটবলপ্রেমীই জানেন, কেপ ভার্দে ম্যাচের পর নীল-সাদা জার্সির সবচেয়ে বড় দুর্বলতা হিসেবে প্রকাশ পেয়েছে তাদের ডিফেন্স। ক্রিশ্চিয়ান রোমেরো এবং লিসান্দ্রো মার্তিনেস বিশ্বসেরা সেন্টার ব্যাক হওয়া সত্ত্বেও, বিশ্ব র‍্যাংকিংয়ে ৬৭ নম্বরে থাকা কেপ ভার্দে আগের ম্যাচে যেভাবে তাঁদের নাচিয়ে ছেড়েছিল, তাতে স্কালোনির শান্তিতে ঘুমানোর কথা নয়।

এদিকে আমেরিকার মায়ামিতে, যেখানে লিওনেল মেসির বর্তমান আস্তানা, সেখানে উৎসবের আমেজ। বিখ্যাত সমুদ্রসৈকতের ফিফা ফ্যান পার্কে বসেছে জায়ান্ট স্ক্রিন, যেখানে সমুদ্রের হাওয়া গায়ে মেখে ম্যাচ উপভোগ করবেন হাজার হাজার আর্জেন্টাইন প্রবাসী। ফ্যান পার্কজুড়ে নীল-সাদা পতাকা আর টিমের থিমসং ‘মুচাচোস’-এর সুর বাজলেও, চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিদায় নিয়ে আর্জেন্টাইনদের কোনো ভ্রূক্ষেপ নেই। তাঁদের পুরো মনোযোগ এখন শুধুই মিসর ম্যাচকে ঘিরে। কারণ, মেক্সিকো ও ব্রাজিলের বিদায়ের পর লাতিন আমেরিকার প্রতিনিধি হিসেবে টুর্নামেন্টে এখন টিকে আছে কেবল মেসিদের আর্জেন্টিনা ও হামেস রদ্রিগেসদের কলম্বিয়া।

আজকের ম্যাচের মূল আকর্ষণ অবশ্যই লিওনেল মেসি ও মোহামেদ সালাহর দ্বৈরথ। মেসি যদি ক্ষুদ্রতম জায়গায় নিখুঁত বল কন্ট্রোল আর অবিশ্বাস্য স্কিলের জাদুকর হন, তবে সালাহ হলেন গতি ও চকিতে দিক পরিবর্তনের মাস্টারক্লাস; যা ইংলিশ প্রিমিয়ার লিগে এক দশকেরও বেশি সময় ধরে বিশ্বের তাবড় তাবড় ডিফেন্ডারদের ভুগিয়েছে। লিভারপুলের হয়ে প্রিমিয়ার লিগে বিদেশিদের মধ্যে সর্বকালের টপ স্কোরার সালাহকে মিশরীয়রা ভালোবেসে ডাকেন ‘আল-ফিরন’ বা ফারাও নামে। কেউ কেউ তাঁকে বলেন ‘ফোর্থ পিরামিড’, যাকে নড়ানো অসম্ভব। আজ আফ্রিকার সর্বশ্রেষ্ঠ ফুটবলার হিসেবে ১০ নম্বর জার্সিতে বিশ্বচ্যাম্পিয়নদের সামনে বুক চিতিয়ে লড়বেন সালাহ।

সম্ভাব্য রণকৌশল ও একাদশ:

মিশরের কোচ হোসাম হাসান আজ তাঁর দলকে সাজাতে পারেন ৪-২-৩-১ ছকে। মিডফিল্ডে ডাবল পিভট হিসেবে লাসিন ও আতেয়ার ওপর দায়িত্ব থাকবে মেসিকে বোতলবন্দী করার। তবে হাসানের আসল হাইপার-উইপন হলো সালাহ ও ওমর মারমুশ জুটি। কাউন্টার অ্যাটাকে এই দুই তারকার বিধ্বংসী গতি আর্জেন্টিনার রক্ষণভাগে ফাটল ধরাতে পারে।

অন্যদিকে, আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি তাঁর চেনা ৪-৪-২ ছকেই ভরসা রাখবেন। গোলবারের সামনে এমিলিয়ানো মার্তিনেস তো থাকছেনই। রক্ষণভাগে মোলিনা ও তাগলিয়াফিকো দুই সাইড ব্যাক এবং সেন্টারে রোমেরো ও লিসান্দ্রো মার্তিনেস। মিডফিল্ডের দখল নিতে থাকবেন অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার, রদ্রিগো দে পল, লিসান্দ্রো পারেদেস ও এনজো ফের্নান্দেস। আর আক্রমণভাগে মেসির সঙ্গী হচ্ছেন হুলিয়ান আলভারেস। এনজো ও দে পল যদি মাঝমাঠের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখতে পারেন, তবেই মেসির পা থেকে ধারালো সব পাস সতীর্থদের উদ্দেশ্যে ছুটে যাবে।

ঘুরে-ফিরে আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামের পুরো ফোকাস আজ দুই ১০ নম্বর জার্সির দুই কিংবদন্তির ওপর। দুই মহাতারকার এই ঐতিহাসিক দ্বৈরথে শেষ পর্যন্ত কে হাসিমুখে মাঠ ছাড়বেন, তা সবুজ মাঠ আর সময়ই বলে দেবে।

মন্তব্য করুন