প্রধানমন্ত্রীকে গালিগালাজের অভিযোগে মৌলভীবাজারে যুবক আটক
তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর বক্তব্য ও অশালীন ভাষায় গালিগালাজ করার অভিযোগে মৌলভীবাজারে মামুন নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
শনিবার (৩ অক্টোবর) রাতে সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের শাহাপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, টিকটকে একটি ভিডিওতে যুবক মামুনকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ্য করে অত্যন্ত অশালীন ও কটূক্তিমূলক বক্তব্য দিতে দেখা যায়। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়লে স্থানীয় সচেতন মহল ও আইনশৃঙ্খলা বাহিনীর নজরে আসে। পরবর্তীতে স্থানীয় বিএনপি নেতাকর্মী ও এলাকাবাসীর সহায়তায় পুলিশ অভিযান চালিয়ে শাহাপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করে।
গিয়াসনগর ইউনিয়ন বিএনপির নেতা শামীম আহমেদ জানান, ওই যুবক উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রধানমন্ত্রীকে নিয়ে বিভ্রান্তিকর ও অশালীন বক্তব্য ছড়িয়েছেন। সামাজিক বিশৃঙ্খলা তৈরির পেছনে কোনো চক্রান্ত বা চক্র জড়িত রয়েছে কিনা তা সুষ্ঠু তদন্তের দাবি জানান তিনি।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, ভিডিওটি নজরে আসার পরপরই অভিযান চালিয়ে অভিযুক্তকে হেফাজতে নেওয়া হয়েছে। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বকে নিয়ে এমন আপত্তিকর কর্মকাণ্ডে কোনো ছাড় দেওয়া হবে না। আটক যুবকের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এআইএল/সকালবেলা